বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে সংঘর্ষ আহত ১০
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী গ্রামে পল্লি বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রোববার থেকে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গ্রামের বাসিন্দা সূত্র জানায়, রোববার পুখুরী মোড় বাজারে রুবেল হোসেনের দোকানের পাশ দিয়ে উত্তর পাশে হিন্দুপাড়ায় বিদ্যুতের সংযোগ দিতে পল্লি বিদ্যুতের কর্মীরা খুঁটি বসাতে যান। রুবেল কড়াই গ্রামের বাসিন্দা। কিন্তু রুবেল তাঁর দোকানের সামনে দিয়ে খুঁটি বসাতে বাধা দেন। এ সময় হিন্দুপল্লির উত্তম চন্দ্র ও বাবু চন্দ্রের সঙ্গে রুবেলের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কড়াই গ্রামের যুবকেরা বাবু চন্দ্রকে মারধর করেন। খবর পেয়ে পুখুরী গ্রামের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। এর এক দিন পর মঙ্গলবার রাতে পুখুরী গ্রামের হেমন্ত কুমার রায়কে রুবেল হোসেনের লোকজন রাস্তায় আটক করে মারপিট করে। পুখুরী গ্রামের হিন্দু সম্প্রদায় এর প্রতিবাদ জানাতে গেলে রুবেল হোসেনের নেতৃত্বে কড়াই গ্রামের বাসিন্দারা দলবদ্ধ হয়ে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় পুখুরী গ্রামের পাঁচজন বাসিন্দা আহত হন।
এরপর গতকাল বেলা ১১টায় রুবেল হোসেন ও তাঁর সঙ্গীরা তরণী কান্ত রায়ের ওপর হামলা করেন। এ সময় তাঁর স্ত্রী সুখবালা ও ছেলে নিতাই রায় তাঁকে রক্ষা করতে গেলে তাঁরাও গুরুতর আহত হন। গ্রামবাসী তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে বিদ্যুতের খুঁটি নবসানো নিয়ে সংঘর্ষের বিষয়ে কোনো পক্ষই গতকাল বুধবার পর্যন্ত কোনো অভিযাগ কিংবা মামলা করেনি।