বিদ্যুতের খুঁটিতে বেঁধে আশুলিয়ায় শিশু নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইসাইকেল চুরির অপবাদ দিয়ে ঢাকার আশুলিয়ার মীরের চানগাঁও গ্রামের মো. শাকিল (১৪) নামে এক শিশুকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালীরা। এরপর বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে কয়েক শ মানুষের সামনে তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। নির্যাতনের শিকার ওই শিশুটি রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শাকিল মীরের চানগাঁও গ্রামের সুবল মিয়ার ছোট ছেলে। বছর সাতেক আগে মা ফাহিমা বেগম মারা যাওয়ার পর তার আর স্কুলে যাওয়া হয়নি। সে বাবার সঙ্গে কৃষিকাজ করে।
আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমিতে গরু চরাতে গিয়ে শাকিল ঝোপের ভেতরে একটি বাইসাইকেল কুড়িয়ে পায়। বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তাঁরা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগেই খবর পেয়ে একই গ্রামের আবুল মণ্ডলের ভাতিজা কুরজত মণ্ডল, চাচাতো ভাই ভুট্টু মণ্ডল ও তাঁদের প্রতিবেশী বদির উদ্দিন সাইকেলসহ শাকিলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। এরপর তাকে চানগাঁও চার রাস্তার মোড়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত ও পা বেঁধে লোহার রড, লাঠি ও ইট দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। খবর পেয়ে আশপাশের কয়েক শ নারী-পুরুষ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় শাকিলের চিৎকারে অনেকেই চোখের পানি ফেললেও প্রভাবশালী আবুল মণ্ডলের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী চানগাঁও গ্রামের ফজল হক, সিদ্দিকুর রহমানসহ অনেকে বলেন, শাকিল সাইকেল চুরির সঙ্গে যুক্ত নয়। এরপরও মিথ্যা অপবাদ দিয়ে আবুল, কুজরত, ভুট্টু ও তাঁর ভাই দুলাল, বদিরসহ আরও কয়েকজনে মিলে শাকিলকে বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে লোহার রড, লাঠি ও ইট দিয়ে বেধড়ক পিটিয়েছে। পেটানোর একপর্যায়ে বাঁধন খুলে মাথায় তুলে তাকে মাটিতে আছড়ে ফেলা হয়। এরপর তাকে আবুল মণ্ডলের বাড়ি নিয়ে গিয়ে সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য আরেক দফা পেটানো হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, আবুল মণ্ডল ও তাঁর স্বজনেরা সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এলাকার সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।
শাকিলের চাচা সোহরাব হোসেন বলেন, ‘অনেক কাকুতি-মিনতি করেও তাঁদের (আবুল মণ্ডলদের) মন গলাতে পারিনি। একপর্যায়ে আমাকেও পেটানোর হুমকি দিলে আমি সেখান থেকে চলে আসি।’
শাকিলের পরিবার সূত্রে জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শাকিলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরের দিন তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান করানো সম্ভব না হওয়ায় মিরপুরের হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার রাতে আবুল মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন সোহরাব হোসেন।
গতকাল আবুল মণ্ডলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে তাঁর এক আত্মীয় বলেন, কয়েক দিন আগে তাঁদের বাসা থেকে একটি মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়। বাইসাইকেলটি শাকিলের হেফাজতে পাওয়ার কারণে তাঁকে মারধর করা হয়। পরে বিষয়টি এলাকায় বসে মীমাংসা করা হয়েছে।
স্থানীয় আশুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) জয়নাল আবেদিন বলেন, শাকিলকে মিথ্যা চোরের অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিলকে নির্যাতনের সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমজাদুল হক বলেন, শাকিলের পিঠে লাঠির গুরুতর আঘাত আছে। পায়েও আঘাত ছিল।