বিদ্যুতের তার ছিঁড়ে দুজনের মৃত্যু, মহাব্যবস্থাপক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় লোকজনের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলা ও গাফিলতিতে গত রোববার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গ্রামের মাহফুজার রহমান বলেন, ‘রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খামার গাড়াগ্রামের সাদাকাত হোসেনের ছেলে বিপ্লব হোসেনের ঘরের ওপর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে। এ সময় বিপ্লব হোসেনের স্ত্রী রাশিদা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে পড়ে যান। তখন ঘরে আগুন ধরে যায়। রাশিদা বেগমের চিৎকারে আমি পল্লী বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করাই। এ সময় বিপ্লব হোসেন বাড়িতে ছিলেন না। খবর পেয়ে তিনি এসে স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে প্রতিবেশীদের নিয়ে আগুন নেভাতে ঘরে প্রবেশ করেন। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর আবারও কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এতে আগুন নেভাতে পানি ছিটানো ভেজা ঘরে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান প্রতিবেশী সাজেদুর রহমান (৩০)। আহত হন ১১ জন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান প্রতিবেশী কফিল উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম (২৮)।

গ্রামের মানিক মিয়া বলেন, সাজেদুর রহমান মসজিদে ইমামতি করতেন। তারিকুল কারমাইকেল কলেজ থেকে এমএ পাস করে চাকরি খুঁজছিলেন।

তারিকুলের বাবা কফিল উদ্দিন বলেন, ‘আমার তিন ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে তারিকুল চতুর্থ। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল।’ তিনি বলেন, ‘যাদের গাফিলতিতে এমনটি হলো, তাঁদের শাস্তি চাই।’

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খামারপাড়া উচ্চবিদ্যালয়ের মাঠে তারিকুল ও সাজেদুর রহমানের জানাজা শেষে কথা হয় নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসনের সাংসদ গোলাম মোস্তফার সঙ্গে। তিনিও পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন।

 কিশোরগঞ্জ থানার ওসি–তদন্ত মো. আশরাফুজ্জামান বলেন, সাজেদুর রহমানের বাবা জাবেদ আলী একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মকছেমুল হাকিম বলেন, এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানকার টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত শুরু হবে।

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলী বলেন, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সেখানে সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে। ঘটনা তদন্তে উপমহাব্যবস্থাপক মকছেমুল হাকিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পল্লী বিদ্যুতের সিস্টেম অপারেশন রংপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ আলম মুঠোফোনে জানান, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।