বিদ্যুতের তার মাঝে রেখে ভবন নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার মধ্যবাজারে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের লাইনের তার মাঝখানে রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। এ ছাড়া বাজারের জমি দখল করে ভবনটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভার দত্তপাড়া মহল্লার দুলাল খাঁ ভবনটি নির্মাণ করছেন। গত সোমবার তাঁকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ওই জমির কাগজপত্র পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। গত রোববার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ নির্মাণাধীন ভবনটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে।
রোববার সরেজমিনে দেখা যায়, মধ্যবাজার এলাকার কালীমন্দিরের পাশে ভবন নির্মাণ করা হচ্ছে। ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঘেঁষে পিডিবির ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ লাইন চলে গেছে। ওই লাইন মাঝখানে রেখে পিলার নির্মাণ করে দ্বিতীয় তলার ছাদ নির্মাণের প্রস্তুতি চলছে। এখন ভবন নির্মাণ করছে।
দুলাল খাঁ বলেন, খতিয়ান অনুযায়ী জমিটি তাঁর পৈতৃক সূত্রে পাওয়া। সেখানে ভবন নির্মাণের আগে বিদ্যুতের লাইনটি সরিয়ে নেওয়ার জন্য গত অক্টোবরে তিনি পিডিবির স্থানীয় কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। কিন্তু লাইন এখনো সরানো হয়নি। তাই তিনি ভবনের নির্মাণকাজ শুরু করেছেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল আহমেদ বলেন, যে স্থানে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেই জমিটি মধ্যবাজারের। খতিয়ানমূলে ওই জমি ব্যক্তির নামে থাকলেও বাজার হয়ে যাওয়ার পর তা খাস হয়ে যায়। ওই জমিতে রাতের আঁধারে নির্মাণকাজ শুরু করা হয়েছে। যেভাবে ভবন নির্মাণ করা হচ্ছে তাতে গোটা শহরের বিদ্যুৎ সরবরাহও হুমকির মুখে পড়েছে।