বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, বিউবোর কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় বিক্ষোভ মিছিল এবং বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ গ্রাহকেরা। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) স্থানীয় কার্যালয়ের জানালার কাচ ভেঙে গেছে। তবে কার্যালয়ে কর্মরত ব্যক্তিদের কোনো ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা পৌনে দুইটার দিকে ‘হাতিয়ার সর্বস্তরের জনগণের’ ব্যানারে কয়েক শ ক্ষুব্ধ গ্রাহক বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলা পরিষদ এলাকা থেকে মিছিলটি বের হয়ে কয়েক শ গজ দূরের বিউবোর কার্যালয়ের সামনে যায়। একপর্যায়ে মিছিলকারীরা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কার্যালয়ের তিনটি জানালার কাচ ভেঙে যায়।
উপজেলা সদরের ওছখালী বাজারের ব্যবসায়ী নারায়ণ ভৌমিক প্রথম আলোকে বলেন, হাতিয়ার বাসিন্দাদের কাছে বিদ্যুৎ সোনার হরিণের মতো। ২৪ ঘণ্টার মধ্যে এখন তিন-চার ঘণ্টাও ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যায় না। গত এক মাসের বেশি সময় ধরে এ অবস্থা চলছে। বিদ্যুৎ উৎপাদনে দুটি নতুন জেনারেটর স্থাপন করা হলেও তা বারবার বিকল হওয়ায় হাতিবাসীর কোনো কাজে আসছে না।
বিউবোর হাতিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, হাতিয়ার বিদ্যুৎ সমস্যা লাঘবে গত বছরের ফেব্রুয়ারি মাসে সরকারিভাবে ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি নতুন জেনারেটর বসানো হয়। কিন্তু নতুন জেনারেটরে শুরু থেকেই নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সর্বশেষ ১১ মে নতুন দুটি জেনারেটরে একসঙ্গে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনটি জেনারেটর চালু থাকলেও দ্বীপের বিদ্যুৎ গ্রাহকদের ২৪ ঘণ্টার মধ্যে সাত-আট ঘণ্টার বেশি বিদ্যুৎ দেওয়া যায় না।
বিউবো সূত্র জানায়, বর্তমানে স্থানীয় উৎপাদন কেন্দ্রে তিনটি জেনারেটর রয়েছে। এগুলোর দুটি নতুন আর একটি পুরোনো। পুরোনো জেনারেটর দিয়ে সর্বোচ্চ ২২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর নতুন দুটির উৎপাদন ক্ষমতা ৪০০ কিলোওয়াট করে হলেও এ দুটি থেকে গড়ে ৩২০ কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হয়। সব মিলে উৎপাদন দাঁড়ায় ৮৬০ কিলোওয়াট। কিন্তু হাতিয়ার দেড় হাজার গ্রাহকের জন্য বিদ্যুৎ প্রয়োজন আড়াই মেগাওয়াট। এ কারণে চারটি লাইনে বিকেল তিনটা-রাত একটা পর্যন্ত রেশনিং করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা শুধু সরকারি দপ্তরের আওতাধীন একটি লাইনে বিদ্যুৎ দেওয়া হয়।
হাতিয়া বিউবোর আবাসিক প্রকৌশলী মশিউর রহমান বলেন, বিদ্যুৎ উৎপাদনের জেনারেটরগুলো ঘন ঘন অচল হওয়ায় সমস্যা বেশি হচ্ছে। তবে অচল থাকা একটি জেনারেটর গতকাল দুপুরে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সেটি সফল হলে বিদ্যুৎ সবরাহ কিছুটা বাড়বে।