বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয় ঘেরাও এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ঈশ্বরগঞ্জ পিডিবির ৫০ কেভির একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় উপজেলার চরহোসেনপুর ও আশ্রবপুর গ্রামের প্রায় ৫০ জন গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ট্রান্সফরমারটি ১৫ আগস্ট মেরামতের জন্য পিডিবির লোকজন নিয়ে যান। কিন্তু গতকাল পর্যন্ত সেটি মেরামত করে পুনঃস্থাপন করা হয়নি।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত ১০ আগস্ট ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করা হয়।
ঘেরাওয়ের বিষয়টি আগে থেকেই অনুমান করতে পেরে কার্যালয়ে তালা দিয়ে পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। তার পরও গ্রাহকেরা দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কার্যালয় ঘেরাও করে রাখেন। পরে তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।
ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অনুরোধ করার পর গ্রাহকেরা অবরোধ তুলে নেন। পিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মেহেদী হাসান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই গ্রাহকদের এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।