বিদ্যুতের সংযোগের নামে ১৬ লাখ টাকা আত্মসাৎ?
দিনাজপুরে বিরল উপজেলায় বিদ্যুৎসংযোগ দেওয়ার নাম করে গোদাবাড়ী ও ধর্মপুর গ্রামের ২০৪ জন গ্রাহকের কাছ থেকে মোট ১৬ লাখ ৩২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার গ্রাহকেরা এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) কাছে লিখিত অভিযোগ করেছেন।
৪ জানুয়ারি বিরল উপজেলার ‘হামেরা দিনাজপুরিয়া’ নামের একটি সংগঠনের সভাপতি এম এ কুদ্দুসসহ প্রতারণার শিকার ৫৩ জন গ্রাহক ওই অভিযোগ করেন।
সংগঠনটির সভাপতি এম এ কুদ্দুস বলেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিরল জোনাল অফিসের অধীন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ী ও ধর্মপুর গ্রামের কৈকুড়ী মহল্লায় পল্লী বিদ্যুৎ সমিতি লাইন নির্মাণ করে। সংযোগ নিতে আগ্রহী গ্রাহকদের শুধু মিটার বাবদ ৬৫০ টাকা জমা দিয়ে রশিদ নিতে বলা হয়।
গত সোমবার বিকেলে এই প্রতিবেদক সরেজমিনে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে অভিযোগ পান। কৈকুড়ীর আবু তালেব, কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম, গোদাবাড়ী গ্রামের আবুল কাশেম দর্জি পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগের জন্য তাঁদের কাছ থেকে ৭ হাজার থেকে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। সুরেশ পাহান, থোকা পাহান, নিমাই পাহান, রাজেন পাহান ও বুধন পাহান বলেন, তাঁরা প্রত্যেকে ৭ হাজার করে টাকা দিয়েছেন। সুনীল পাহান সাড়ে ৮ হাজার, মিনতি পাহান ৯ হাজার এবং রাজেন পাহান ৭ হাজার ৪০০ টাকা দিয়েছেন। মিনতি পাহান বলেন, তিনি একটা গরু বিক্রি করে ওই টাকা দিয়েছেন। আর বুধন পাহান সুদে টাকা নিয়ে দিয়েছেন বলে জানান।
রবিউল ইসলাম মাস্টার ওই পরিমাণ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকারকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। তা ছাড়া পল্লী বিদ্যুৎ অফিসে খরচের জন্য ওই টাকা নেওয়া হয়েছে।
সাবুল চন্দ্র সরকার গত মঙ্গলবার বিকেলে প্রথম আলোরকাছে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি পুরো ঘটনা জানি। সরকার বিনা পয়সায় বিদ্যুৎসংযোগ দিচ্ছে। কিন্তু রবিউল মাস্টার, আবু তালেব আর কাশেম দর্জি ওই টাকা নিয়েছে। এখন নিজেদের দোষ অন্যের ওপর চাপাতে তারা ওই মিথ্যা অভিযোগ করছে।’
পল্লী বিদ্যুৎ সমিতি বিরল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রমাণ হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।