বিদ্যুৎ চুরি: ডিপিডিসির প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত টুইন টাওয়ার হিসেবে পরিচিত ‘টোকিও প্লাজায়’ বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির ঘটনায় সহযোগিতা করার অভিযোগে শরিফ উদ্দিন আহম্মেদ নামে এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শরিফ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের সহকারী প্রকৌশলী। আজ বুধবার বিকেলে ডিপিডিসি প্রশাসন তাঁকে বরখাস্ত করেছে বলে নিশ্চিত করেছেন ডিপিডিসির টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী।

২০১২ সালের শেষে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশে ২৪ ও ১৮ তলা বিশিষ্ট টোকিও প্লাজা নামের দুটি ভবন নির্মাণ করা হয়। নির্মাণের সময় থেকে শুরু করে দুটি ভবনে মিটার টেম্পারিং ও অন্যান্য কারসাজি করে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স-প্রধান মো. মুনীর চৌধুরীর নেতৃত্বে মিটারিং প্রকৌশলী ও টাস্কফোর্স সদস্যদের সহায়তায় গত ৩১ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি এ ঘটনা উদ্ঘাটন করা হয়। টাস্কফোর্সের নির্দেশে প্রাথমিকভাবে ভবনটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ১৮ লাখ টাকা আদায় করা হয়। বাকি পাওনা অর্থ আদায়ের কার্যক্রম চলছে।

এ বিষয়ে টাস্কফোর্স-প্রধান মুনীর চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে ডিপিডিসির স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতি জড়িত, তা না হলে কোনো গ্রাহকের পক্ষে তিন বছর ধরে এভাবে দুর্নীতি ও অনিয়ম ঘটানো সম্ভব নয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।