বিদ্যুৎ চুরির দায়ে ১১ লাখ টাকা জরিমানা আদায়, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় বিদ্যুৎ চুরি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত আবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার এবং আরও তিনটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় দুটি কারখানা সিলগালা ও ১২টি মামলা করা হয়েছে। অভিযানে বিদ্যুৎ চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল শুক্রবার পরিচালিত এ অভিযানে পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জালাল উদ্দিন নেতৃত্ব দেন। এ সময় পাবনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছানাউল্লাহ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-১-এর সহকারী পরিচালক (প্রশাসন) আবু তাহের ও উপসহকারী প্রকৌশলী এস এম মাসুদ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আবু তাহের বলেন, বিদ্যুৎ চুরি ঠেকাতে অব্যাহত অভিযানের অংশ হিসেবে শহরের রাধানগর, কলেজপাড়া, আকুরিয়া, পাটকিয়াবাড়ী, সিঙ্গা, শালগাড়িয়া ও নারায়ণপুর মহল্লায় অভিযান চালানো হয়। এ সময় দুটি কারখানা ও কিছু বাসাবাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া যায়। আদালত হাতেনাতে অপরাধ শনাক্ত করে ১২ জন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করেন।
আবু তাহের আরও বলেন, আদালত পাটকিয়াবাড়ী মহল্লায় আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি অটোবাইক চার্জ স্টেশন ও মানিক হোসেন নামের এক ব্যক্তির একটি পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে মামলা করেন। কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গতকালই তাদের কারাগারে পাঠানো হয়েছে। এই দুটি প্রতিষ্ঠান ও একটি বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ায় মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যান্য কয়েকটি বাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করা অবস্থায় চারটি টেলিভিশন, পাঁচটি ফ্যান, ১১টি ডিজিটাল মিটার ও ২০০ মিটার তার জব্দ করা হয়।
পাবনায় এক মাস ধরে বিদ্যুৎ চুরি বন্ধে অভিযান চলছে। অভিযানে এ পর্যন্ত প্রায় ৩৪টি মামলা দায়ের ও ৩০ লাখ টাকা জরিমানা আদায়সহ অর্ধশতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন আদালত।