বিদ্যুৎ চুরির দায়ে ৮ গ্রাহকের জরিমানা
বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুরে ৮ গ্রাহককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৮২ হাজার ৫৯ টাকা জরিমানা আদায় করা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরে দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি বিদ্যুৎ চুরি করে বাসাবাড়িতে ব্যবহার করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন ও গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী।
এ সময় আউচপাড়া এলাকার গ্রাহক মো. আলাউদ্দিনকে ১ লাখ ৫০ হাজার ৯৩৫ টাকা, তাঁর ছেলে মো. বিল্লাল হোসেনকে ১ লাখ ৫০ হাজার ৯৩৫ টাকা, চান্দনা এলাকার আব্দুল বারী সরকারকে ১ লাখ ৬৪ হাজার ৮৪০ টাকা, ভোগড়া এলাকার জহিরুল ইসলামকে ১ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা, পালেরপাড়া এলাকার আসমত আলীকে ১ লাখ ৪ হাজার ১২৪ টাকা, তেলিপাড় এলাকার আমজাদ হোসেনকে ১ লাখ ৫ হাজার ৮২৬ টাকা, দক্ষিণ সালনা এলাকার কামরুল ইসলামকে ১ লাখ ১৫ হাজার ৮২৬ টাকা এবং দক্ষিণ সালনা (ইপসা) এলাকার আজহারুল ইসলামকে ১ লাখ ৫ হাজার ৮২৬ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এঁদের প্রত্যেকেই বাড়ির মালিক। তাঁরা এক একজন ২০-২৫টি ঘর ভাড়া দিয়ে সেখানে চুরি করে বিদ্যুতের সংযোগ দিয়েছিলেন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) শেখ মোহাম্মদ আলী জানান, অবৈধ সংযোগ নেওয়া গ্রাহকদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।