বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ কোটি টাকার বিল আদায়
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ও ১ কোটি ৫৫ লাখ ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা উদ্ঘাটন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স৷
গত ২ মার্চ থেকে গতকাল বুধবার পর্যন্ত রাজধানীর মতিঝিল, গোপীবাগ, আর কে মিশন রোড, জুরাইন, সায়েদাবাদ, নারিন্দা ও লালবাগ এলাকায় ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধানে ডিপিডিসির প্রকৌশলী ও কর্মকর্তাদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়৷ অভিযানে ১২৯টি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া বিদ্যুৎ চুরিতে ব্যবহৃত ৩৭টি মিটার ও ৮৭৩ মিটার বিদ্যুতের তার জব্দ করা হয়। দায়ীদের বিরুদ্ধে দায়ের করা হয় দুটি মামলা। এ ছাড়া অভিযানকালে ৪৬ লাখ টাকা জরিমানা এবং ১৫ বছরের বকেয়াসহ মোট ৯ কোটি ১১ লাখ টাকার বিদ্যুৎ বিল আদায় করা হয়েছে।
এসব ঘটনায় জড়িত প্রতিষ্ঠানগুলো হলো গোপীবাগ কাঁচাবাজার মালিক সমিতি, এম এস ইলেকট্রিক পিভিসি পাইপ, ক্রেস্ট ইলেকট্রিক কোম্পানি, মেসার্স সানজিদা মেটাল, কোয়ালিটি ইলেকট্রিক সার্ভিস, স্টার প্লাস্টিক, কাদের ট্রপিক্যাল হাইটস ও এন কে এস বিল্ডার্স। এসব প্রতিষ্ঠান মিটারে কেমিক্যাল ছিটিয়ে ডিসপ্লে নষ্ট করা, মিটারে রিলে বসিয়ে বিদ্যুৎ চুরি করা ও মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত ছিল৷