বিদ্যুৎ প্রকল্পবিরোধী আন্দোলনের নেতার বাবা আটক
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পবিরোধী আন্দোলনে গঠিত সংগঠন ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলীর বাবা দুদু মিয়াকে (৭০) আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ বাড়ি থেকে তাঁকে আটক করে। পুলিশের দাবি, লিয়াকতের বাড়িতে দুটি দেশীয় অস্ত্র ও চারটি গুলি পাওয়া গেছে।
তবে লিয়াকত ও স্থানীয় লোকজনের অভিযোগ, আন্দোলনকে দমাতে পুলিশ ধরপাকড় শুরু করেছে। আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ঘরে ঘরে অভিযান চালিয়েছে।
গত ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে সমাবেশ ডাকা হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে সংঘর্ষে গুলিতে চার গ্রামবাসী নিহত হন। এ ঘটনায় লিয়াকত আলীসহ ৬৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা করা হয়। সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ৯ মে দেওয়া প্রতিবেদনে জনগনকে উসকানি ও বিভ্রান্ত করে এ ঘটনার জন্য লিয়াকতকে দায়ী করে। তবে লিয়াকত এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতের বাবা দুদু মিয়াকে আটক করা হয়েছে। বাড়িতে অস্ত্র ও গুলি পাওয়া গেছে। লিয়াকতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে মুঠোফোনে লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, আন্দোলনকে দমাতে পুলিশ ধরপাকড় শুরু করেছে। তাঁর ঘরে লুটপাট চালিয়েছে। অভিযোগ না থাকলেও তাঁর বৃদ্ধ বাবাকে আটক করা হয়েছে, অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে।