বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তির শিকার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে বিল দিতে এসে পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার হাজারও গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছেন। এই কার্যালয়ের বিল শাখায় পর্যাপ্ত লোকবল না থাকায় ও বিল গ্রহণে ধীরগতির জন্য গ্রাহকেরা এ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ের আওতায় পীরগঞ্জের ১৯ হাজার, রানীশংকৈলের ১৮ হাজার ও হরিপুরের আট হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক রয়েছেন। তিন উপজেলার সব গ্রাহকের বিদ্যুৎ বিল, বকেয়া বিল, আবেদন ফিসহ সব বিল এ কার্যালয়ে নেওয়া হয়। এ ছাড়া সোনালী, জনতা, অগ্রণী ও রাকাবের ১৪টি শাখায় গ্রাহকদের মাসিক বিল নেওয়া হয়। ব্যাংকগুলোতে মাসিক বিল ছাড়া অন্য বিল নেওয়া হয় না।
রানীশংকৈলের সন্ধারই গ্রামের আবদুর রহমান জানান, তিনি বাড়িতে নতুন লাইন নিতে গত সোমবার ওই কার্যালয়ে ১০০ টাকার আবেদন ফি জমা দিতে যান। সকালে এসে লাইনে দাঁড়িয়ে বিল দিতে দুপুর দেড়টা বেজে যায়। রানীশংকৈলে বিল নিলে তাঁর কষ্ট কম হতো ও যাতায়াত খরচ কম হতো। এ কারণে তাঁরা রানীশংকৈলে বিল নেওয়ার ব্যবস্থা করার দাবি জানান। একই ধরনের ভোগান্তির কথা বললেন হরিপুরের মশানগাঁও গ্রামের তফিলউদ্দীন, কুশগাঁও গ্রামের আজগর আলী ও রণহাট্টা গ্রামের আসাদুজ্জামান, রানীশংকৈলের উত্তর নয়ানপুর গ্রামের মানিক হোসেনসহ আরও অনেক গ্রাহক।
গত তিন দিনে ওই কার্যালয়ে আসা অন্তত ২৫ জন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার আগে এসে লাইনে দাঁড়াতে হয়। নয়টার পর থেকে গ্রাহকের ভিড় বাড়তে থাকে। এতে বিল দিতে তিন-চার ঘণ্টা সময় লাগে। এ সময় রোদ-বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়। বিল শাখায় মাত্র দুজন নারী রয়েছেন। বিল নিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে ও তাঁরা কাজও করেন ধীরগতিতে। বিল শাখায় লোক কিছু বেশি থাকলে তাঁদের ভোগান্তি কমে যেত।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির রানীশংকৈল এলাকার পরিচালক মো. নাসিরউদ্দীন জানান, হরিপুরের কান্ধাল গ্রাম থেকে পীরগঞ্জ কার্যালয়ের দূরত্ব ৪৫ কিলোমিটার। হরিপুর ও রানীশংকৈলের অনেক গ্রাম আছে, যেখান থেকে পীরগঞ্জে বিল জমা দেওয়া কষ্টকর। এ জন্য রানীশংকৈলে পল্লী বিদ্যুৎ সমিতির একটি শাখা খোলা প্রয়োজন।
পল্লী বিদ্যুৎ সমিতির হরিপুর এলাকার পরিচালক খুরশিদ আলম সরকার বলেন, ‘রানীশংকৈলে একটি সেবা শাখা চালুর আমরা দাবি জানিয়ে আসছি। মহাব্যবস্থাপককেও (জিএম) জানিয়েছি। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। সেখানে সেবা শাখা চালু হলে গ্রাহকদের ভোগান্তি কমবে।’
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. খালেকুজ্জামান জানান, গ্রাহকেরা ঠিকমতো বিল দেন না। বিপুল পরিমাণ বিল বকেয়ার কারণে সমিতির কাজ ব্যাহত হচ্ছে। এ জন্য নতুন লোক নিয়োগ বা কোনো শাখা স্থাপনের বিষয়টি বিবেচনা করা যাচ্ছে না।