বিদ্যুৎ বিল বকেয়া পড়ায়...
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এতে ওই কার্যালয়ে থাকা বিভিন্ন দপ্তর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী।
ইউপি সচিব ইয়াকুব হোসেন বলেন, সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ২৫ নভেম্বর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ না থাকায় পরিষদের সব কাজকর্মে বিঘ্ন ঘটছে।
গতকাল রোববার সরেজমিনে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৪১ হাজার ৪৪ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৫ নভেম্বর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইউপি কার্যালয়ে রয়েছে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র। বিদ্যুৎ না থাকায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিদিন লোকজন এসে সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন।
ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা জিয়াউর রহমান বলেন, কেন্দ্রের সৌরবিদ্যুতের প্যানেলটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। এ কারণে জরুরি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিকল্প উপায়ে দু-এক দিনের মধ্যে সেবা চালু হবে বলে তিনি জানান।
তথ্যকেন্দ্রে সেবা নিতে আসা খোদেজা বেগম বলেন, ‘কারেন্ট না থাকায় কয়েক দিন হলো এসে শুধু ঘুরে যাচ্ছি।’ আকবর আলী বলেন, বিদ্যুৎ না থাকায় তথ্যসেবা কেন্দ্র কোনো কাজ করতে পারছে না।
চেয়ারম্যান হারুনার রশিদ বলেন, ‘বিভিন্ন কারণে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগ নেওয়া হবে।’