বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয়ের সরকারি একটি বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টেশনমাস্টার আবদুল মাজেদ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ইলেকট্রিক বিভাগে গত ৩০ আগস্ট লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৪ মার্চ বদরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার সিদ্দিক আলী অবসরে যান। স্টেশনের পাশেই সিদ্দিক আলীর নিজস্ব বাসা। স্টেশনে কর্মরত থাকার সময় সিদ্দিক স্টেশনের সরকারি বৈদ্যুতিক মিটার থেকে নিজ বাসায় বিদ্যুৎ-সংযোগ নিয়ে তা ব্যবহার করেন। বদলি হওয়ার পরও সিদ্দিক ওই সংযোগ থেকে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। বিষয়টি জানাজানি হলে গত জানুয়ারিতে তিনি রেলওয়ে স্টেশনের তৃতীয় শ্রেণির কর্মচারী (কি ম্যান) শফিকুল ইসলামের নামে রেলওয়ে বিভাগ থেকে একটি বৈদ্যুতিক সাব-মিটার বরাদ্দ নিয়ে নিজ বাসায় লাগান। স্টেশন কার্যালয়ের মূল মিটার থেকে ওই সাব-মিটারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। শফিকুলের বাসায়ও আলাদা একটি বৈদ্যুতিক মিটার রয়েছে। সাবেক ওই স্টেশনমাস্টার বাসায় রেফ্রিজারেটর, টেলিভিশন, কয়েকটি বৈদ্যুতিক পাখা, হিটারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত ব্যবহার করছেন। বিল পরিশোধ করছেন মাত্র ৩০০ টাকা।
সিদ্দিক রেলওয়ের অপর এক কর্মীর নামে সাব-মিটার বরাদ্দ নিয়ে নিজের বাসায় লাগানোর সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি তো প্রতি মাসে বিল দিচ্ছি। এতে দোষের কী?’
একইভাবে রেলওয়ে স্টেশনের ওয়েম্যান আবদুল বারেক গত আগস্টের প্রথম সপ্তাহে একটি সাব-মিটার বরাদ্দ নিয়ে নিজ বাসায় লাগিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ওই মিটার থেকে আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটে ১৪টি অবৈধ সংযোগ দিয়ে মাসিক চুক্তিতে টাকা তুলছেন। আর মাসে বিধি মোতাবেক মাত্র ৩০০ টাকা করে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন। এতে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় রাজস্ব আয় থেকে স্টেশন কর্তৃপক্ষকে প্রতি মাসে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে।
তবে ওয়েম্যান আবদুল বারেক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সব মিথ্যা। আমি নিজ বাসায় বিদ্যুৎ ব্যবহার করছি। টাকার বিনিময়ে আশপাশে কোথাও বিদ্যুৎ-সংযোগ দিইনি।’
এ ব্যাপারে আবদুল মাজেদ জানান, স্টেশন কার্যালয়ের সরকারি বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে সাবেক এক স্টেশন কর্মকর্তা ও অপর এক কর্মচারীর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। রেলওয়ের বিধান অনুযায়ী, তৃতীয় শ্রেণির কোনো কর্মচারী বিদ্যুৎ-সংযোগ নিলে প্রতি মাসে বিল পরিশোধ করতে হয় মাত্র ৩০০ টাকা। স্টেশন কার্যালয়সহ যাত্রীদের অপেক্ষার কক্ষে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তাতে প্রতি মাসে সর্বোচ্চ বিল আসত চার-পাঁচ হাজার টাকা। এখন বিল পরিশোধ করতে হচ্ছে প্রতি মাসে ১৩-১৪ হাজার টাকা। স্থানীয় রেলওয়ের স্টেশনের রাজস্ব আয় থেকে ওই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে।