বিদ্যুৎ লাইন চালুর নামে টাকা নিচ্ছেন আ.লীগ নেতারা!
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর ও লক্ষ্মীপুর গ্রামে নির্মাণ হওয়া পল্লিবিদ্যুতের একটি লাইন চালুর জন্য সদস্যদের কাছ থেকে দুই হাজার ৭০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।
‘অফিসের খরচ, মিটারের জামানত ও রড-বোর্ড’ বাবদ স্থানীয় আওয়ামী লীগের নেতারা সম্প্রতি এ টাকা আদায় শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ওই দুই গ্রামে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ শেষ হয়। সম্প্রতি চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ওরফে বাবলু ওই বিদ্যুৎ লাইনটি চালু করার উদ্যোগ নেন। যার অংশ হিসেবে লাইনের স্ট্রেকিংকৃত সদস্যপ্রতি মিটারের জামানত, রড-বোর্ডের মূল্য ও অফিস খরচ বাবদ দুই হাজার ৭০০ টাকা করে নির্ধারণ করে দেন।
একই সঙ্গে তিনি (কামাল উদ্দিন ওরফে বাবলু) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও নেতা মো. নুরুল্লাসহ কয়েকজন সদস্যদের কাছ থেকে টাকা তোলার দায়িত্ব দেন। গতকাল রোববার পর্যন্ত ৩৫-৪০ জনের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে এবং বাকিদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে টাকা জমা দিতে চাপ দেওয়া হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিন মুঠোফোনে বলেন, গ্রামের লোকজন বেশির ভাগই অজ্ঞ। বিদ্যুতের মিটারের জন্য কোথায় গিয়ে কী করতে হবে, তা অনেকেই জানেন না। তাই চেয়ারম্যান পরামর্শ দিয়েছেন প্রত্যেকের কাছ থেকে আড়াই হাজার টাকা করে তুলে কাগজপত্র সব ঠিকঠাক করতে। তবে এখনো কেউ টাকা জমা দেননি বলে দাবি করেন কামাল উদ্দিন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ওরফে বাবলু মুঠোফোনে বলেন, বিদ্যুৎ লাইনটি চালু না হওয়ায় লোকজনের পীড়াপীড়িতে তিনি তাঁর এক লোককে পল্লীবিদ্যুৎ অফিসে পাঠিয়েছিলেন। সেখান থেকে তাঁকে মিটারের জামানত, রড-বোর্ডের মূল্য ও অফিস খরচসহ সদস্যপ্রতি আড়াই হাজার টাকা করে আদায় করার পরামর্শ দেওয়া হয়। এরপর সম্ভাব্য অন্যান্য খরচ বাবদ আরও ২০০ টাকা ধরে দুই হাজার ৭০০ টাকা করে আদায় করতে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ফাজিলপুর-লক্ষ্মীপুর গ্রামে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ ওই লাইনটি নির্মাণ করা হয়েছে। লাইনটির আওতায় স্ট্রেকিংকৃত সদস্য সংখ্যা ৪৬৩ জন। এসব সদস্য নিজ নিজ ঘরে নির্ধাতির রড-বোর্ড লাগানোর পাশাপাশি মিটারের জন্য জামানতের টাকা জমা দেওয়ার পরই লাইনটি চালুর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র আরও জানায়, স্ট্রেকিংকৃত প্রত্যেক সদস্য মিটারের জামানত বাবদ প্রথম এক কিলোওয়াটের জন্য ৬০০ টাকা, পরবর্তী প্রতি কিলোওয়াটের জন্য ২০০ টাকা করে জমা দিতে হবে। এ ছাড়া সমিতির নির্ধারিত পরিবেশক থেকে সবচেয়ে ভালো মানের রড-বোর্ড কিনে নিতে মূল্য দিতে হবে সর্বোচ্চ ৭৫০ টাকা। সে হিসাবে যাঁদের চাহিদা বেশি তাঁরা ছাড়া বাকিদের এক হাজার ৩৫০ টাকার বেশি লাগার কথা নয়।
মিটারের জামানত বাবদ অতিরিক্ত অর্থ আদায় প্রসঙ্গে জানতে চাইলে পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত প্রথম আলোকে বলেন, এলাকা থেকে লোকজন ফোন করে বিষয়টি জানানোয় তাঁদের সংশ্লিষ্ট ব্যক্তিকে বেঁধে রেখে সমিতিতে খবর দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।