ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলী নগর গ্রামের শতাধিক বাসিন্দার কাছ থেকে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চারজনের একটি চক্র। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি হওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে নতুন বিদ্যুতের লাইন স্থাপনের কাজ চলছে। লাইন বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু ওই কাজ শুরু করার আগে চারজনের একটি চক্র ১২০ জনের কাছ থেকে ১৪ লাখ ৭০ হাজার টাকা আদায় করে।
আলীনগর গ্রামের রিয়াজ উদ্দিন, নুরুল হক, গিয়াস উদ্দিনসহ আটজন অভিযোগ করে বলেন, উচাখিলা বাজার এলাকার মো. মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যক্তি একসময় পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি নিজেকে আলীনগর গ্রামের লোকজনের কাছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয় ব্যবহার করে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে তিনি শতাধিক লোকের কাছ থেকে ১০ হাজার করে টাকা নেন। মঞ্জুরুলের সঙ্গে হেলাল উদ্দিন, তারা মিয়া ও সাইফুল ইসলামও টাকা আদায় করেন। চক্রটি টাকা নিলেও গত তিন বছরে কাউকে বিদ্যুতের সংযোগ দিতে পারেনি। পরে গ্রামের কয়েকজন ঈশ্বরগঞ্জ শহরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে গিয়ে বুঝতে পারেন তাঁরা প্রতারক চক্রের খপ্পড়ে পড়েছেন।
মুঠোফোন নম্বর সংগ্রহ করে গতকাল মঙ্গলবার ওই চক্রের এক সদস্য তারা মিয়াকে ফোন করা হলে তিনি কিছু লোকের কাছ থেকে খরচ বাবদ কিছু টাকা নিয়েছেন বলে স্বীকার করেন। তিনি আরও বলেন, লাইন বসানোর কাজ শেষ হলেই লোকজনকে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।
অভিযুক্ত মঞ্জুরুলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে এক নারী ফোন ধরে তাঁর বোন বলে পরিচয় দেন। মঞ্জুরুলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বাড়িতে নেই বলে জানিয়ে ফোন কেটে দেন ওই নারী। হেলাল ও সাইফুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উচাখিলা ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে টাকা আদায়ের ঘটনাটি দু-তিন বছর আগের। তিনি মঞ্জুরুলকে একাধিকবার ইউপিতে ডেকে এনে ঝামেলা মিটিয়ে ফেলতে বলেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির উপ-আঞ্চলিক কার্যালয় ঈশ্বরগঞ্জের এজিএম গোলজার হোসেন বলেন, আলীনগর গ্রামে বিদ্যুৎ সরবরাহ লাইন দু-একদিনের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর করা হবে। আরেক প্রশ্নের উত্তরে এজিএম বলেন, মঞ্জুরুল তাঁদের কেউ নন। তিনি তাঁকে চেনেন না।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বলেন, এ ঘটনায় হওয়া জিডিতে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যক্তি ১২০ জনের কাছ থেকে ১০ হাজার করে টাকা নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগ তদন্ত করছে।