বিদ্যুৎকর্মীকে ছাত্রলীগ নেতার মারধর
মাগুরার মহম্মদপুর সদরে ছাত্রলীগের এক নেতা পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর করেছেন। পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উপ-আঞ্চলিক (সাব-জোনাল) কার্যালয়ে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান ও তাঁর সহযোগী সবুজ কার্যালয়ে ঢুকে লাইন টেকনিশিয়ান আরজ আলীকে (৪২) মারধর করেন। এ ঘটনায় আরজ আলী মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পবিস মহম্মদপুরে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মেরাজুল ইসলাম বলেন, নুরুজ্জামান সকাল ১০টার দিকে কার্যালয়ের সেবাকেন্দ্রে (ওয়ান পয়েন্ট) এসে নতুন বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করতে ফরম চান। কাউন্টার থেকে নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে বলা হয়। আবেদনের কপি কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে কার্যালয়ে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এ কথা শুনে নুরুজ্জামান ক্ষিপ্ত হন।
পরে সবুজ নামের একজনকে সঙ্গে এনে কার্যালয়ে ঢুকে আরজ আলীকে মারধর করেন। এরপর সাদা রঙের একটি মাইক্রোবাসে চড়ে তাঁরা মাগুরার দিকে চলে যান। আরজ আলী বলেন, মাইক্রোবাসের মধ্যে ছাত্রলীগের আরও পাঁচ-ছয়জন নেতা-কর্মী বসে ছিলেন। আহত আরজ আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইদুল শেখ বলেন, ‘আমি বাইরে আছি। এ বিষয়ে কিছু জানি না।’
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহম্মদপুর অঞ্চলের পরিচালক মশিয়ার রহমান বলেন, কার্যালয়ে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’