বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু, বিক্ষোভ ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল আমীন (২৩) নামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) একজন অস্থায়ী কর্মচারী মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুহুল উপজেলা সদরের নিজসরাইল গ্রামের রওশন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকাল নয়টা থেকে রুহুল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে বিউবোর এসটি লাইনে (উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন তার) কাজ করছিলেন। সকাল পৌনে ১০টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নোমান মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল ঘটনাস্থলে নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

রুহুলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা বিউবোর কার্যালয়ে জড়ো হতে থাকেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় খোলা রেখে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা বাউবোর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। বেলা সোয়া ১১টার দিকে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ঘটনাস্থলে যান। জনতার দাবির মুখে তাঁরা জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

নিহত রুহুলের বড় ভাই জাহীদ হাসান অভিযোগ করেন, ‘বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে।’

এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ওসি আলী আরশাদ জানান, বিদ্যুৎ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।