ভাইয়ের হাতে ভাই খুন!
নওগাঁর পোরশায় বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার মশিদপুর ইউনিয়নের নোনাহার মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রাব্বানী ওই গ্রামের মনছের আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত গোলাম রাব্বানী ও তাঁর ছোট ভাই আবুল কালাম একই বাড়িতে থাকেন। প্রতি মাসের বিদ্যুৎ বিল দুই ভাই সমান ভাগ করে তা পরিশোধ করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য গোলাম রাব্বানী ছোট ভাই আবুল কালামের কাছে বিলের অর্ধেক টাকা চান। এ সময় ছোট ভাই আবুল কালাম জানান, তিনি বিদ্যুৎ খরচ কম করেছেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম একটি কোদাল দিয়ে বড় ভাই রাব্বানীর বুকে আঘাত করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাবেরুল হক বলেন, বুকে কোদালের আঘাতে রাব্বানী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সাহারা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আবুল কালাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।