বিদ্যুৎ-সংযোগ কাটায় ৩৭ লাখ টাকা জরিমানা
ভূগর্ভস্থ বিদ্যুৎ-সংযোগের তার কাটায় প্রাণ আরএফএল গ্রুপকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল কনস্ট্রাকশন লিমিটেড ঢাকা ওয়াসার সংস্কারকাজ করার সময় সড়ক খনন করতে গিয়ে ভূগর্ভস্থ বিদ্যুৎ-সংযোগের তার কেটে ফেলে। ফলে মাদারটেক, বাসাবো ও বনশ্রী এলাকায় প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিট সময় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। ১৩ জুলাই সকালে মাদারটেক সাবস্টেশনের কিছু দূরে এ ঘটনা ঘটে। পরে ডিপিডিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিকল্প সার্কিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল করে।
এ ঘটনাকে দায়িত্বে অবহেলা হিসেবে চিহ্নিত করে ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স প্রাণ আরএফএল গ্রুপের কাছ থেকে গতকাল সোমবার ৩৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ বিষয়ে টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভূগর্ভস্থ সংস্কারকাজ করার আগে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগগুলো চিহ্নিত করে নিলে এমন ঘটনা আর ঘটবে না। বিজ্ঞপ্তি।