নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য দালালেরা ২৫০ গ্রাহকের কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ৬০ জন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি বাড়িতে মিটার ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।
বিলাশবাড়ি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ২৫ জন বাসিন্দা বলেন, বিদ্যুৎ-সংযোগ পাওয়ার জন্য গ্রামের ২৫০টি পরিবার প্রায় এক বছর আগে থেকে চেষ্টা করছে। তখন দালালেরা তাদের টাকার বিনিময়ে সংযোগ দেওয়ার কথা বলেন। ১১ সেপ্টেম্বর গ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লাইন চালু হয়। তখন দালালেরা ওই ২৫০ পরিবারের কাছ থেকে ৯ হাজার করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা নেন।
স্থানীয় বকুল হোসেন, মামুনুর রশিদ, সিদ্দিকুর রহমান, ভুট্টসহ সাত-আটজন এ টাকা তোলেন। দালালেরা তাঁদের বলেছেন, বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের ঘুষ, সংযোগ দেওয়ার খরচ ও মিটার লাগানো বাবদ এ টাকা আদায় করা হচ্ছে।
গ্রামবাসী আরও বলেন, গ্রামের ৬০টি ঘরে এখন বিদ্যুৎ-সংযোগ আছে। বাকিরা এখনো পাননি। কয়েক দিনের মধ্যে সবার বাড়িতে বিদ্যুৎ আসবে বলে দালালেরা তাঁদের আশ্বাস দিয়েছেন।
মামুনুর রশিদ বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ পেতে টাকা লাগছে বলে তো টাকা নিয়েছি। অফিসেই ৪ হাজার টাকা লাগছে।’
এদিকে গত শনিবার বিকেলে গ্রামে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১৫টি বাড়িতে মিটার ছাড়াই বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এসব বাড়িতে ঈদের পর থেকেই মিটার ছাড়া বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। মিটার ছাড়াই বিদ্যুৎ-সংযোগ পাওয়া চারজন গ্রাহক বলেন, পিডিবির কর্মচারীরাই মিটার ছাড়া তাঁদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দিয়ে গেছেন। মিটার এলে তাঁদের লাগিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিদ্দিকুর রহমান শ্রীরামপুর বাজারে তাঁর দোকানে ১০০টি মিটার নিয়ে আসেন। এ সময় গ্রাহকেরা তাঁকে ঘিরে ধরেন। তখন সিদ্দিকুর গ্রাহকদের বলেন, তিনি দুদিন ধরে সান্তাহার কার্যালয়ে বসে থেকে ১০০টি মিটার পেয়েছেন। দু-এক দিনের মধ্যে কার্যালয়ের লোকজন এসে মিটারগুলো লাগিয়ে দিয়ে যাবেন।
একসঙ্গে এতগুলো মিটার কোথায় পেলেন—এমন প্রশ্নে তিনি প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে এতগুলো মিটার কি এমনিতেই পাওয়া যায়। টাকা খরচা করতে হয়। আমরা প্রতিটি গ্রাহকের কাছ থেকে ৯ হাজার টাকা করে নিয়েছি। এর মধ্যে কর্মকর্তাদের ঘুষের ৪ হাজার ও মিটারের ৪ হাজার টাকা। বাকি টাকা আমাদের।’
বিলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন বলেন, বিদ্যুতের নতুন সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, এটি এলাকার সবারই জানা আছে।
পিডিবির সান্তাহার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, শ্রীরামপুর গ্রামে ঈদের দুদিন আগে পিডিবির লাইন চালু করা হয়েছে। দালালেরা গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন, সেটি তিনি জানেন না। আর একটি সংযোগ নিতে মিটার কেনাসহ প্রায় ২ হাজার টাকা লাগে। মিটার ছাড়া বিদ্যুৎ-সংযোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’