বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীরপাকেরদহ গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী প্রায় ৩০০ ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই মাস আগে টাকা দিলেও তাঁরা আজও বিদ্যুৎ পাননি।
এ ব্যাপারে বীরপাকেরদহ গ্রামের মো. হাফিজুর রহমান ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বীরপাকেরদহ গ্রামের মো. সিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক নারী-পুরুষ অভিযোগ করেন, বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে বীরপাকেরদহ গ্রামের বাসিন্দা মাদারগঞ্জ কৃষি ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী ও আওয়ামী লীগের কর্মী হাসানুজ্জামান ওরফে হবিবর রহমান এবং চরপাকেরদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দীপুসহ কয়েকজন নেতা-কর্মী প্রতি পরিবারের কাছ থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা আদায় করেন।
গ্রামবাসী অভিযোগ করে বলেন, প্রায় দুই মাস আগে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে তাঁরা (হাসানুজ্জামান ও দীপু) তাঁদের কাছ থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। কিন্তু আজও তাঁরা গ্রামে বিদ্যুৎ-সংযোগে দেওয়ার কোনো ব্যবস্থাই করেননি। তাঁরা এ ব্যাপারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে বিচার চেয়েছেন।
চরপাকেরদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দীপু বলেন, ‘আওয়ামী লীগের নেতা হাসানুজ্জামানের কথামতো আমি আমার বাড়ির আশপাশের ৭০ জন পরিবারের নারী-পুরুষের কাছ থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা আদায় করেছি। কিছু টাকা এলাকায় বিদ্যুতের খুঁটি, তার এবং বিদ্যুতের সংযোগ স্থাপনের জন্য আমি হাসানুজ্জামানের কাছে দিয়েছি। বাকি ৩৬ হাজার টাকা আমার কাছে জমা রয়েছে।’
বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ কর্মী হাসানুজ্জামান বলেন, ‘এটা রাজনৈতিক চাল। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি বিদ্যুৎ-সংযোগের নামে কারও কাছ থেকে কোনো টাকাপয়সা নিইনি।’