বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে লাখ টাকা নিয়ে দালাল উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বিদ্যুৎ-সংযোগপ্রত্যাশীদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।
নুর মোহাম্মদ উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চেং গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিবু কিচকু, ঘুগরা গ্রামের লক্ষ্মীরাম সরেন ও শিবান টুডু জানান, আদিবাসী-অধ্যুষিত ঘুগরা গ্রামে ২০১৫ সালের অক্টোবর মাসের দিকে পল্লী বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ লাইন টানা হয়। কিন্তু বাড়িগুলোতে বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় তাঁরা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে থাকেন।
এর মধ্যে ওই উপজেলার চেং গ্রামে নুর মোহাম্মদ বিদ্যুৎ-সংযোগপ্রত্যাশীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নাম করে ঘুগরা গ্রামের ৬০টি আদিবাসী পরিবারের প্রত্যেকের কাছ থেকে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। রানীগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নূর মোহাম্মদের সখ্য দেখে বিদ্যুৎ-সংযোগপ্রত্যাশীরা তাঁকে ১ লাখ ২০ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর থেকেই নুর মোহাম্মদ উধাও হয়ে যান বলে ভুক্তভোগীরা জানান।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রানীগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল কালাম আজাদ বলেন, নুর মোহাম্মদ নামের কাউকে তাঁরা চেনেন না।
পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুর রাজ্জাক বলেন, নির্দিষ্ট সময়ে কয়েকটি ধাপে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। পল্লী বিদ্যুতের সংযোগ নিতে লাগে মাত্র ৬৫০ টাকা। এর বেশি এবং কার্যালয়ের বাইরে নির্দিষ্ট রসিদ ছাড়া কাউকে টাকা না দিতে এলাকায় পোস্টার সাঁটানো ও নিয়মিত মাইকিং করা হয়। দালাল ধরতে প্রতিনিয়ত অভিযান চলছে। কিন্তু কিছু মানুষ দ্রুত বিদ্যুৎ-সংযোগের জন্য অবৈধ লেনদেন করে প্রতারিত হচ্ছেন।