বগুড়ার শেরপুর উপজেলার কালিয়াকৈর গ্রামে বিদ্যুৎ-সংযোগ নিয়ে ‘পথখরচের’ নামে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নির্দেশে পরিবারপ্রতি এক হাজার টাকা আদায় করা হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়েনি গ্রামের দুস্থ পরিবারগুলোও।
টাকা আদায়ের সত্যতা নিশ্চিত করে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম হোসেন বলেন, কালিয়াকৈর সিংহের পাড়া, কালিয়াকৈর বালকদাস পাড়া, কালিয়াকৈর চকগোলাম পাড়া ও কালিয়াকৈর পাঁচবাড়িয়া পাড়ায় বসবাস করে কমপক্ষে ৫০০ পরিবার। চারটি পাড়া থেকে চারজন এই টাকা তোলেন।
১০ নভেম্বর ওই গ্রামে দেখা যায়, গ্রামের সড়কের মাথায় দুই পাশে বগুড়া পল্লী বিদ্যুতের সরবরাহ করা ১৫টি সিমেন্টের খুঁটি ফেলা হয়েছে। গ্রামের সাতজন বাসিন্দা বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে গ্রামের সড়কের দুই পাশে খুঁটি ফেলা হয়। এরপর থেকে ওই টাকা তোলা শুরু হয়।
কালিয়াকৈর গ্রামের বালকদাস পাড়ার এই টাকা আদায়কারী আজাহার শেখ প্রথম আলোকে বলেন, তাঁদের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমল সাহার নির্দেশে এই টাকা তোলা হয়েছে।
কালিয়াকৈর সিংহের পাড়ার ইমরান হোসেন বলেন, তিনি গ্রামের ৬৫ পরিবারের টাকা তুলেছেন। টাকাগুলো এখনো তাঁর কাছেই আছে।
কালিয়াকৈর বালকদাস পাড়ার আজাহার শেখ বলেন, গ্রামের ৫০-৬০ পরিবারের টাকা তুলে তিনি ব্যাংকে রেখেছেন। যখন খরচের জন্য প্রয়োজন হবে, তখন ব্যাংক থেকে টাকা তুলবেন। প্রয়োজন না হলে যাঁরা টাকা দিয়েছেন, তাঁদের ফেরত দেবেন।
কালিয়াকৈর সিংহের পাড়ার সড়কের মাটি কাটার নারী শ্রমিক রুবিয়া বেওয়া বলেন, এক হাজার টাকা তাঁর কাছে ছিল না। সুদে এনে এই টাকা জমা দেন। একই কথা বলেন গ্রামের রাশেদা খাতুন।
কালিয়াকৈর বালকদাস পাড়ার ভ্যানচালক শাহীন শেখ বলেন, গ্রামে বিদ্যুৎ আনার জন্য ‘পথখরচ’ বলে টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে অমল সাহা বলেন, বিদ্যুৎ কার্যালয়ে খচরাপাতি করতে হয়। ঠিকাদারের মাধ্যমে বিদ্যুতের লাইন টানতে খুঁটিপ্রতি টাকা খরচ হয়। এ জন্য টাকা তোলা হয়েছে। এই টাকা গ্রামের আদায়কারীদের কাছেই জমা রয়েছে। খরচ না হলে যাঁরা টাকা দিয়েছেন, তাঁদের ফেরত দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহিম বলেন, বিদ্যুৎ-সংযোগ পেতে গ্রামের লোকজনের কোনো খরচ করতে হয় না। এভাবে টাকা আদায়ের সংবাদ তিনি জানেন না।