নওগাঁর রানীনগর উপজেলার মধুপুর গ্রামে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রামের লোকজনের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৩৪০টি বাড়িতে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এ অর্থ আত্মসাৎ করা হয়।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামে প্রায় ৩৪০টি বাড়িতে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউপি সদস্য বাচ্চু সরদার ও তাঁর কয়েকজন সহযোগী প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা নেওয়ার পর প্রায় ছয় মাস অতিবাহিত হলেও টাকা দেওয়া পরিবারগুলো এখনো বিদ্যুৎ–সংযোগ পায়নি।
গ্রামের বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দা অভিযোগ করেন, বাচ্চু সরদার বিদ্যুৎ–সংযোগ দেওয়ার নাম করে অর্থ তুলে নিজের নির্বাচনী ব্যয় মিটিয়েছেন। ফলে টাকাগুলো বিদ্যুৎ অফিসে না পৌঁছানোয় আজ পর্যন্ত এই গ্রাম অন্ধকারে।
মধুপুর গ্রামের হেলাল উদ্দিন (৪৫) বলেন, ‘আমাদের দুই মাসের মধ্যে বিদ্যুৎ এনে দেওয়ার নাম করে বাচ্চু সরদার কয়েক দফায় জনপ্রতি প্রায় ৭ হাজার টাকা করে নিয়েছেন। অথচ উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে বিদ্যুৎ পৌঁছে গেলেও আমাদের গ্রামে বিদ্যুৎ আসার কোনো খবর নেই।’ একই গ্রামের আফজাল হোসেন (৫৫) বলেন, ‘বাচ্চু সরদার ও তাঁর সহযোগীরা আমারসহ গ্রামের ৩৪০ জনের কাছ থেকে জনপ্রতি ৭ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।’
এ বিষয়ে ইউপি সদস্য বাচ্চু সরদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গ্রামবাসীর কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, যে বাড়িগুলোতে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হবে সেগুলোর ওয়ারিংয়ের কাজ এবং সংযোগ দিতে টাকা নেওয়া হয়েছে।’ একজন ইউপি সদস্য হয়ে এই টাকা নিতে পারেন কি না—জানতে চাইলে তিনি আর কোনো উত্তর দেননি।
কালিগ্রাম ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, ‘আমি এলাকার মানুষের বলেছি যে বিদ্যুৎ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও সঙ্গে কোনো প্রকার অর্থের লেনদেন না করতে। কিন্তু অনেকেই আমার কথা শোনেননি। বাচ্চু সরদারের বিষয়টি আমি জেনেছি। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেব।’
রানীনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মুতাসিম বিল্লাহ বলেন, ‘কোনো দালাল শ্রেণির লোক যদি এ রকম প্রতারণা করে থাকে তাহলে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।’