বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে টাকা আত্মসাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের প্রায় ২৫টি পরিবারের কাছ থেকে আবুল কাশেম প্রায় দেড় লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
নওপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, প্রায় এক বছর আগে ওই গ্রামের বাসিন্দা ও বড়হিত ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আবুল কাশেম গ্রামে প্রচার করেন তিনি পল্লী বিদ্যুতের সংযোগ এনে দিতে পারবেন।
কাশেমের কথায় অনেকে আগ্রহ দেখান। তিনি প্রথমে ২৫টি পরিবারের কাছ থেকে এক হাজার করে টাকা আদায় করেন। খরচ আগের চেয়ে বেড়েছে, এ কথা বলে পরে আরও তিন দফায় তিনি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা করে আদায় করেন।
নাওপাড়া গ্রামের আবদুল খালেক মাস্টার, তারা মিয়া, রায়হান উদ্দিন, কাজল মিয়া, শামছুন নাহার ও নাজমুন নাহারসহ অন্তত ২৫টি পরিবার পল্লী বিদ্যুতের সংযোগ পাওয়ার আশায় আবুল কাশেমকে টাকা দেন।
ভুক্তভোগী নাজমুন নাহার বলেন, ‘অনেক কষ্টে আমি চার হাজার টাকা দিয়েছি। কিন্তু এক বছর পার হয়ে গেছে। এখন আমরা বিদ্যুৎও পাচ্ছি না, টাকাও ফেরত পাচ্ছি না।’
ভুক্তভোগী ব্যক্তিরা জানান, এ ব্যাপারে তাগাদা দিলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে আশ্বাস দেন আবুল কাশেম। তিনি প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করেছেন। কয়েক মাস ধরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখা করতে চাইলে নানা অজুহাতে দেখা করতে চান না।
আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নওপাড়া গ্রামে ২৯টি সংযোগের জন্য আবেদন করেছি। এসব সংযোগের খরচ বাবদ টাকা নেওয়া হয়েছে। ওই সব গ্রাহক যাতে দ্রুত বিদ্যুৎ পায় সে জন্য সরাসরি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছে।’
বড়হিত ইউনিয়ন জাপার সভাপতি মোতালেব ভূঁইয়া বলেন, ‘কাশেমের টাকা নেওয়ার বিষয়টি আমিও শুনেছি। তাঁর সঙ্গে কথা বলে বিস্তারিত জানব।’
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) এম রেজাউল্লাহ খান বলেন, বিভিন্ন এলাকায় দালালেরা এ রকম অপপ্রচার করে টাকা আত্মসাৎ করছে বলে শোনা যাচ্ছে। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।