বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে টাকা আত্মসাৎ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ দেওয়ার নামে ২২৮ জনের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিছ, খোলনা ও চাঁদপুরা গ্রামের বাসিন্দাদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়। গত এক বছরে বিদ্যুতের খুঁটি, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য করা ও সংযোগ দেওয়ার নামে তাঁদের প্রত্যেকের কাছ থেকে দেড় হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে অন্তত ৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

ছিলারিছ গ্রামের আ. হক বলেন, ‘বিদ্যুৎ পাওয়ার আশায় খোলনা গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী ও চাঁদপুরা গ্রামের জাহাঙ্গীর খানের কাছে এক বছর আগে ১০ হাজার টাকা তুলে দিই। পল্লী বিদ্যুতের প্রকৌশলী বৈদ্যুতিক খুঁটি বসাতে পরিমাপের জন্য আসে। তখন ইয়াকুব আলীও সবকিছু দেখাশোনা করেন। সেই বিশ্বাস করে আমরা টাকা দিই।’

ছিলারিছ গ্রামের সাহিদা বেগম বলেন, ‘সৌরবিদ্যুৎ ব্যবহার করি। কিন্তু এতে চাহিদা পূরণ হয় না। এ কারণে বিদ্যুৎ পাওয়ার আশায় আমি ১০ হাজার টাকা ইয়াকুব আলীকে দিই। কিন্তু বিদ্যুৎ তো দূরে থাক, আজ পর্যন্ত খুঁটি পোঁতা হয়নি।’

চাঁদপুরা গ্রামের মহসীন হাওলদার, শাহজাহান মিয়া, চান মিয়া ব্যাপারী, মনুজা বেগম, সাবানা আক্তার, নুরুন্নাহার বেগম, লাইজু বেগমসহ আরও অনেকে বলেন, বিদ্যুৎ পেতে তাঁরা গাছ ও হাঁস-মুরগি বিক্রি করে ৩ থেকে ৫ হাজার টাকা করে ইয়াকুব আলীকে দিয়েছেন।

চাঁদপুরা গ্রামের মোর্শেদ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, তাঁদের বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে ইয়াকুব আলী পরিচালনা কমিটির কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছেন।

ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা গেছে, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪ জুন কমিটির সদস্যরা এলাকায় যান। কিন্তু ভুক্তভোগী ব্যক্তিদের দাবি, কমিটির সদস্যরা গ্রামবাসীদের কারও সঙ্গে কথা বলেননি।

ইয়াকুব আলী হাওলাদার বলেন, ‘এলাকাবাসীর স্বার্থে অফিসকে ম্যানেজ করতেই এই টাকা উঠানো হয়। তবে আমার বিরুদ্ধে যত টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁরা অধিকাংশই বিদ্যুৎ পেয়েছেন। যাঁরা পাননি, তাঁরাও পাবেন।’

ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, ‘অভিযোগ পেয়েই আমি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত অব্যাহত আছে। ঘটনার সঙ্গে সমিতির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’