বিদ্যুৎ-সংযোগ নিতে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুতের সংযোগ নিতে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ৩০ জুনের মধ্যে এ উপজেলা শতভাগ বিদ্যুৎ–সংযোগের আওতায় আনার কাজ চলছে। কিন্তু সবকিছু ঠিক থাকার পরও উপজেলার বিভিন্ন এলাকার সংযোগপ্রত্যাশী গ্রাহকপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা করে নেওয়া হয়েছে।
উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামের বামনভাগ হাটসহ এ গ্রামের ৮ কিলোমিটার নতুন সংযোগ লাইনের কাজ শুরু হয়েছে। গ্রাহক সংখ্যা ৫২২। এর মধ্যে ২২টি সংযোগ বাণিজ্যিক, ৫টি শিল্প ও বাকিগুলো আবাসিক। লাইন তৈরি করার ঠিকাদার, অফিসসহ বিভিন্ন জায়গার খরচের কথা বলে গ্রাহকপ্রতি ৫ থেকে ৬ হাজার করে টাকা আদায় করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য আকবর হোসেন ও খলিলুর রহমান নামের এক ব্যক্তি এ টাকা আদায় করছেন।
এ বিষয়ে ইউপি সদস্য আকবর কথা বলতে রাজি হননি।
উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাঁতী গ্রামের ৫৩ জন গ্রাহকের কাছ থেকে ৭ হাজার করে, মাটিকোড়া গ্রামের ২৯৪ জনের কাছ থেকে ৩ হাজার করে, রামেশ্বরগাঁতী গ্রামের ২৫৫ জনের কাছ থেকে ১ হাজার করে, দিয়ারপাড়া ও হাটপাঙ্গাসী হালদারের ১৩৭ জনের কাছ থেকে ৬ হাজার করে, নওদাশালুয়া গ্রামের ৫৩ জনের কাছ থেকে ৫ হাজার করে টাকা আদায় করা হয়েছে। এসব টাকা ঠিকাদার, পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কার্যালয়ের কিছু কর্মকর্তা, এলাকা পরিচালক ও স্থানীয় প্রভাবশালী একটি অংশের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করা হয়েছে বলে অনেকে অভিযোগ করেন।
তবে উপজেলায় দায়িত্বরত ঠিকাদার আবদুস সাত্তার গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে অনেকেই এসব কথা বলে বেড়ান।
উপজেলার ব্রহ্মগাছা ইউপির চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন বলেন, ‘শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রকল্পে বিভিন্ন এলাকা থেকে টাকা আদায়ের বিষয়টি মাসিক সমন্বয় সভায় বলেছি। পল্লী বিদ্যুৎ সমিতি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।’
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, স্থানীয় দালাল চক্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে সংযোগপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করছে—এমন অভিযোগ পাওয়ার পর উপজেলায় সংযোগ নিতে টাকা না দিতে মাইকিং করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং করা হলেও অভিযোগ থেমে নেই। এ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামিম খান বলেন, শুধু জামানত হিসাবে ৬৫০ টাকা জমা দিয়েই বর্তমানে পল্লী বিদ্যুতের সংযোগ পাওয়া যাচ্ছে। টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখা হবে।