বিদ্যুৎ-সংযোগ নিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুটি ইউনিয়নে পল্লী বিদ্যুতের সংযোগ দ্রুত দেওয়ার নামে ৪২৫ গ্রাহকের কাছ থেকে স্থানীয় দালালেরা অতিরিক্ত টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার ২৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
কয়েকজন গ্রাহক, পুলিশ ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সরকারি ঘোষণা অনুযায়ী, পোড়াগাঁও ইউনিয়নে সাড়ে ১০ কিলোমিটার ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে ১১ কিলোমিটার বিদ্যুতায়নের কাজ চলছে। নতুন সংযোগের আওতায় পোড়াগাঁওয়ের চারটি এলাকার ৭০০ গ্রাহক এবং রামচন্দ্রকুড়ার নয়টি এলাকায় ৬০০ গ্রাহক রয়েছেন। নিয়মানুযায়ী গ্রাহকপ্রতি একটি মিটার ৬০০ টাকা ও সদস্য ফি বাবদ ২০ টাকা দিতে হয়। কিন্তু দুটি ইউনিয়নের স্থানীয় ২৪ জন দালাল দ্রুত সংযোগ দেওয়ার নামে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা নিচ্ছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামের রবিউল ইসলাম, সাহেদ আলী, জহুর হোসেন, ফিরোজ মিয়া, ইলিয়াস হোসেন, নুরুল হক, আলী হোসেন, ইমরান হোসেন, কুদরত আলী, সুরুজ্জামান, সাব ঠিকাদার জয়নাল আবেদীন এবং বাতকুচি গ্রামের মোবারক হোসেন, লাল মিয়া, মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য আলী হোসেন ও নজরুল ইসলাম ২০৯ জন গ্রাহকের কাছ থেকে পাঁচ লাখ ৩১ হাজার টাকা এবং রামচন্দ্রকুড়া ইউনিয়নে কালাকুমা গ্রামের ইউপি সদস্য চান মিয়া, আবুল কাশেম, আকরাম হোসেন, নজরুল ইসলাম, আলকাছ মিয়া, শাহাব উদ্দিন, জয়নাল আবেদীন ও সাব ঠিকাদার জয়নাল আবেদীন ২১৬ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯২ হাজার টাকা নিয়েছেন। এলাকার লোকজন বিষয়টি জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়াকে জানিছেন। কারণ, এলাকার সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পল্লী বিদ্যুৎ বিতরণ কার্যক্রম দেখভালের দায়িত্ব তাঁকে দিয়েছেন। সে অনুযায়ী গত শনিবার গোলাম কিবরিয়া সরেজমিনে এলাকায় এসে গ্রাহকদের অভিযোগ শোনেন এবং অর্থ আত্মসাতের প্রমাণ পান। পরে তিনি ওই ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
বাতকুচি গ্রামের ইন্তাজ আলী বলেন, ‘আমার স্ত্রী ইউপি সদস্য। লাইনপ্রতি সাড়ে সাত হাজার টেহা দেওনের লাইগা লাল মিয়ার লগে চুক্তি অয়। টেহা না দিলে সংযোগ দিত না কইছে। তাই টেহা দিছি।’ কালাকুমা গ্রামের আবদুস সাত্তার জানান, ‘দ্রুত সংযোগ দেওয়ার কথা কইয়া প্রতি সংযোগের লাইগা চার হাজার ৫০০ টেহা চুক্তি অয়। আমিসহ আমার আরও দুই ভাইয়ের ওই টেহার মধ্যে ছয় হাজার টেহা দিছি। আমগর এলাকায় প্রায় ৪০ জন টেহা দিছে।’
তবে টাকা উত্তোলনকারী রবিউল বলেন, ‘আমি কারও কাছ থেকে বিদ্যুতের নামে টাকা উত্তোলন করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’ অভিযুক্ত চান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকাপয়সা নিইনি। তবে আমার উপস্থিতিতে সাব ঠিকাদার জয়নাল আবেদীনকে টাকা দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে সাব ঠিকাদার জয়নালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মাসরুল হক খান জানান, পল্লী বিদ্যুতের সংযোগ পেতে একজন গ্রাহককে মিটারপ্রতি ৬০০ টাকা এবং সদস্য ফি বাবদ ২০ টাকা দিতে হয়। এ ছাড়া বিদ্যুতের ওয়ারিংয়ের খরচ গ্রাহকের দিতে হয়। এর বাইরে কোনো অর্থ দিলে সেটা বেআইনি।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান জানান, পল্লী বিদ্যুতের সংযোগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে তাঁদের থানায় গত বুধবার দুটি মামলা হয়েছে।