নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘইর গ্রামে বিদ্যুতের নতুন সংযোগের জন্য মিটার বাবদ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির নির্ধারিত ৬২০ টাকার স্থলে নেওয়া হচ্ছে তিন থেকে চার হাজার করে টাকা।
স্থানীয় দালালদের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী অতিরিক্ত এই টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া যেখানে-সেখানে বিদ্যুতের খুঁটি স্থাপন করে তা অপসারণের জন্য তাঁরা ১০ থেকে ১২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (বনপাড়া) সূত্রে জানা যায়, সম্প্রতি দিঘইর গ্রামে স্থানীয় সাংসদের প্রতিশ্রুতি অনুযায়ী ২ দশমিক ১৩৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে ওই গ্রামের ১৮৬ জন নতুন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে। নতুন সংযোগের মিটারের জামানত ও সদস্য ফি বাবদ সমিতির পক্ষ থেকে ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সমিতির কিছু কর্মচারী স্থানীয় দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করছেন।
দিঘইর গ্রামের আইয়ুব আলী ও মিন্টু শিকদার বলেন, ‘স্থানীয় জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতিপ্রার্থী নেতা নাজমুল ইসলাম মিটার খরচ বাবদ সাড়ে তিন হাজার টাকা করে চাইলে আমরা এক হাজার টাকা করে দিয়েছি। বাকি টাকা দিতে না পারায় আমাদের বাড়িতে সংযোগ দেওয়া হয়নি। আমরা এ ব্যাপারে সমিতিতে লিখিত অভিযোগ করেছি।’
একই গ্রামের মনির হোসেন বলেন, ‘নিষেধ সত্ত্বেও সমিতির কর্মচারীরা আমাদের এখানে চারটি বাড়ির উঠানে খুঁটি বসিয়েছেন। পরে নাজমুল ইসলাম ও পল্লী বিদ্যুতের প্রকৌশলী আবদুল কুদ্দুসকে ১২ হাজার টাকা করে দিলে তাঁরা খুঁটি সরিয়ে বাড়ির বাইরে বসিয়ে দিয়েছেন।’
কুশমাইল গ্রামের আবদুল বাতেন বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য আমার কাছ থেকে নাজমুল ইসলাম ছয় হাজার টাকা নিয়েছেন।’ একই গ্রামের বাচ্চু মিয়া বলেন, ‘আমি নাজমুলের হাতে ১০ হাজার টাকা দিয়েছি। এখন শুনছি, খরচ মাত্র ৬২০ টাকা।’
জানতে চাইলে নাজমুল ইসলাম বলেন, ‘খরচের জন্য গ্রাহকদের কাছ থেকে কিছু টাকা ওঠানো হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে কারও কাছ থেকেই টাকা নিইনি। আমাকে হেয় করার জন্য এসব অপপ্রচার করা হচ্ছে।’ প্রকৌশলী আবদুল কুদ্দুসও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক নিতাই চন্দ্র জানান, অফিসে গ্রাহকপ্রতি ৬২০ টাকা রসিদের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে। এর বাইরে যদি কেউ কাউকে টাকা দিয়ে থাকেন, তার দায়িত্ব সমিতি নেবে না। কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।