বিদ্যুৎ-সংযোগের জন্য টাকা নিয়েছেন চেয়ারম্যানপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে এক গ্রামের লোকজনের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা বলেন, উপজেলা চেয়ারম্যানের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোনো ফল পাননি।
সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও গ্রামের শুকানীপাড়ার ২৫টি পরিবারের বসবাস। তাঁরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম ওরফে বিপ্লব তাঁদের কাছ থেকে গত বছরের ডিসেম্বর মাসে কয়েক দফায় দুই লাখ এক হাজার টাকা আদায় করেন। নয় মাস আগে টাকা দিলেও আজও তাঁরা বিদ্যুৎ পাননি।
গ্রামবাসী আরও বলেন, শুকানীপাড়ার মজিন শর্মা ও অনিকুল শর্মা সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের একটি সেলুনে চুল কাটার কাজ করেন। সেখানে গত বছরের ডিসেম্বর মাসে তৌহিদুল ইসলামের সঙ্গে তাঁদের কথা হয়। গ্রামে বিদ্যুৎ নেই জানতে পেরে তৌহিদুল তাঁদের দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন। মজিন ও অনিকুল বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। গ্রামবাসী আগ্রহ দেখালে তৌহিদুল ২৫টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগের ব্যবস্থা করে দেওয়ার জন্য আড়াই লাখ টাকা দাবি করেন। পরে তৌহিদুল নিজে গ্রামে এসে তাঁদের সঙ্গে কথা বলেন ও তাঁদের কাছ থেকে কয়েক দফায় দুই লাখ এক হাজার টাকা আদায় করেন। টাকা নেওয়ার সময় তিনি একটি খাতায় প্রাপ্তি স্বীকার দিয়ে স্বাক্ষরও করেন।
গ্রামের কৃষ্ণ শর্মা বলেন, ‘তাড়াতাড়ি বাড়ির কারেন্ট লাগিবার তানে বাড়ির গরু বিকায়ে বিপ্লবের হাতত টাকা দিনু। নয় মাস পার হয়ে গেইল কারেন্ট হইলনি, এলা টাকা ফেরত চায়েও পাছি না।’ স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তৌহিদুলকে টাকা দিয়েছেন রবিন শর্মা, সুমন শর্মাসহ আরও পাঁচজন। জগেশ শর্মার স্ত্রী শনিবালা আত্মীয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নিয়ে বিদ্যুৎ-সংযোগের টাকা সংগ্রহ করেন। তিনি বলেন, এখন আত্মীয়রা টাকা ফেরত চাচ্ছেন। কিন্তু টাকা ফেরত দিতে পারছি না।
বিষয়টি গ্রামবাসী স্থানীয় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আবদুর রাজ্জাককে জানান। তিনি তৈমুর রহমানের সঙ্গে এ বিষয়ে সঙ্গে কথা বলেন। আবদুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি নিয়ে তৈমুর রহমানের সঙ্গে কথা বলতে গেলে তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি।’
গ্রামের কিরণ শর্মা অভিযোগ করে বলেন, তাঁরা নিজেরাও এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানের কাছে বিচার চেয়েছেন। কিন্তু তিনি এ বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখাননি।
এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করে দিতে গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়েছিলাম। টাকা ফেরত দেওয়া বিষয়ে তাঁদের (গ্রামবাসী) সঙ্গে কথা বলা হয়েছে।’ তবে এর বাইরে তিনি আর কোনো কথা বলতে চাননি। উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান বলেন, গ্রামবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছিল। তিনি বিষয়টি দেখবেন।