বিদ্যুৎ-সংযোগের নামে ৬ লাখ টাকা আত্মসাৎ
বিদ্যুৎ-সংযোগের নামে নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার ৭১ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বেনীদুয়ার গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার ওই ৭১টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিরিল সরেন, নিকোলাস পূর্তি ও বেনেডিক সরেন প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতিটি সংযোগের জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ৮ হাজার ৯০০ টাকা করে উত্তোলন করেছেন তাঁরা। টাকা নেওয়ার পর সাত-আট মাস পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ-সংযোগ পায়নি ওই সব পরিবার।
ভুক্তভোগী বিদ্যুৎ-সংযোগপ্রত্যাশী বেনীদুয়ার গ্রামের ডলি দাস, ক্লেমন, কার্তিক দাসসহ সাত-আটজন বলেন, তাঁদের দুই মাসের মধ্যে বিদ্যুৎ এনে দেওয়ার নাম করে শিরিল, নিকোলাস ও বেনিডিক কয়েক দফায় জনপ্রতি ৮ হাজার ৯০০ টাকা করে নিয়েছেন। অথচ এখন শুনতে পাচ্ছেন, সংযোগপ্রতি নাকি সরকারি খরচ মাত্র ১ হাজার ১১৫ টাকা। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে বিদ্যুৎ-সংযোগ পেলেও তাঁদের গ্রামে বিদ্যুৎ আসার কোনো খবর নেই।
ওই গ্রামের মিনতি পাহান নামের আরেক গ্রাহক বলেন, ‘বিদ্যুৎ নেওয়ার টাকা দেওয়ার জন্য আমাকে একটা গরু বিক্রি করতে হয়েছে। অনেক কষ্ট করে গরুটা লালন-পালন করিছিনু। তাও যদি কারেন্টের আলো পাই, এটাই সান্ত্বনা।’
নিকোলাস ও শিরিল টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরাও প্রতারিত হয়েছি। উপজেলার সোনাদিঘী গ্রামের পিয়ুস সরেন ওপর মহলে যোগাযোগ করে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আসলে আমরাও জানতাম না বিদ্যুৎ-সংযোগ নিতে কত টাকা খরচ হয়।’
এ ব্যাপারে পিয়ুসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ওপর মহলের সঙ্গে যোগাযোগ করে এই সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি। এসব টাকা আমি একা খাইনি। অনেকেই এর সঙ্গে জড়িত আছে। নিয়ম অনুসারে বিদ্যুৎ-সংযোগ দিতে কম টাকা লাগলেও বিভিন্ন জনকে টাকা দিতে হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পত্নীতলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নাহিদ ভূঁইয়া বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে। প্রমাণ হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।