বিদ্যুৎ-সংযোগের প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, প্রতিটি সংযোগের জন্য বিভিন্ন ফি মিলিয়ে ২ হাজার ১০০ টাকা জমা দেওয়ার কথা। তবে পান্না মিয়া নামের এক স্কুলশিক্ষকের নেতৃত্বে একটি চক্র তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছে। টাকা দেওয়ার দেড় বছর পরও সংযোগ পাওয়া যায়নি।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ কাকচিড়া গ্রামে এক কিলোমিটার নতুন লাইন স্থাপনের কাজ শুরু হয়। এসব এলাকার গ্রাহকদের সংযোগ পেতে অনলাইনে আবেদন করতে বলা হয়। প্রতিটি সংযোগে মিটারবাবদ ৬৫০ টাকা, জামানত ৬০০ টাকা, সদস্য ফি ৫০ টাকা, এক পয়েন্টের জন্য ইলেকট্রিশিয়ান ৭০০ টাকাসহ ২ হাজার ১০০ টাকা জমা দিতে হবে।
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সগিরউজ্জামান বলেন, নতুন সংযোগে লাইন স্থাপনের এক বছর আগে দক্ষিণ কাকচিড়া গ্রামের ৬০টি পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছেন উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না মিয়া। এক মাসের মধ্যে সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এক বছর পরও তা হয়নি। এ জন্য এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গৃহবধূ সুমাইয়া আক্তার বলেন, ‘ধার-কর্জ করে মাস্টারের (পান্না মিয়া) কাছে টাকা দিয়েছি। তিনি এক মাসের মধ্যে সংযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। প্রায় দেড় বছর হয়ে গেল, বিদ্যুতের দেখা নেই।’
এসব অভিযোগের বিষয়ে পান্না মিয়া বলেন, ‘আমরা বিদ্যুৎ আনার জন্য একটি কমিটি করেছি। সেই কমিটির মাধ্যমে গ্রাম থেকে কিছু টাকা উঠিয়েছি। তবে আমি নিজে নিইনি। কমিটির লোকেরা টাকা উঠিয়েছে। সব টাকা ওঠেনি। আর এ টাকা পল্লী বিদ্যুতের লোকদেরই দিয়েছি। আমরা টাকা আত্মসাৎ করিনি।’
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মঠবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম সরোয়ার মোর্শেদ বলেন, নতুন সংযোগের বিষয়ে দেখভাল করা হয় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মূল কার্যালয় থেকে। তাই টাকা নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। কেউ যদি বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা উত্তোলন করে থাকেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শংকর কুমার কর গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘যদি কেউ দুর্নীতি করে থাকে, সেটা তাঁর ব্যাপার। এ জন্য দেশে আইন-আদালত আছে। অভিযোগকারী ব্যক্তিদের সেখানে যেতে বলেন। আমি এ বিষয়ে কথা বলতে বাধ্য নই।’