বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেছেন।
ফরিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর লোকজন আমার নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছেন। তাঁরা আমার পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন ও ছিঁড়ে ফেলছেন। আমার কর্মীদের নির্বাচনী কাজে নামতে দিচ্ছেন না। এ ব্যাপারে গত সোমবার আমি নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছি। এখানে নির্বাচনের পরিবেশ নেই।’
তবে কাজী জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্রোহী প্রার্থী অভিযোগের খাতিরে অভিযোগ করেছেন। আমার কোনো লোক তাঁর পোস্টারে আগুন দেয়নি বা ছিঁড়েনি। এ ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ রয়েছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাশিয়ানী থানার ওসি কাছে পাঠিয়ে দিয়েছি। আইন প্রয়োগ তাঁরাই (পুলিশ) করবেন।’
কাশিয়ানী থানার ওসি মনির হোসেন বলেন, ‘অভিযোগ-পাল্টা অভিযোগ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হচ্ছে।’