জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীর ভাগনেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় পোল্যাকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাহাদুরাবাদ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শাকিরুজ্জামান রাখান ও বিদ্রোহী প্রার্থী মো. শাজাহান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার দুপুরে শাজাহান মিয়ার ভাগনে আকরাম হোসেন দেওয়ানগঞ্জের একটি ব্যাংক থেকে দেড় লাখ টাকা তোলেন। এরপর সেখানে অন্যান্য কাজ সেরে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আকরাম। পোল্যাকান্দি ব্রিজ এলাকায় তাঁকে শাকিরুজ্জামান ও তাঁর সমর্থকেরা আটক করেন। এ সময় শাকিরুজ্জামান ও তাঁর সমর্থকেরা তাঁকে (আকরাম) মারধর করেন। পরে তাঁরা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে একটি ঘরে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে (আকরাম) উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু টাকা উদ্ধার হয়নি।
শাজাহান মিয়া বলেন, ‘ভাগনে টাকা নিয়ে আমার কাছে আসতেছিল। কিন্তু শাকিরুজ্জামান সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে মারধর করে টাকা ও মোটরসাইকেল আটকে রাখে। খবর দিলে পুলিশ গিয়ে তাকে গিয়ে উদ্ধার করে। পুলিশ এখন ভাগনেকে বাড়িতে না পাঠিয়ে থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হবে।’
শাকিরুজ্জামান মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি মামলার পলাতক আসামি ছিল বলে শুনেছি। তাঁকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।’
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, সম্প্রতি আকরাম হোসেন মারামারির এক মামলার পলাতক আসামি ছিলেন। ওই এলাকার লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন। তবে মারধর, টাকা ছিনিয়ে নেওয়া ও মোটরসাইকেল আটকের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।