বিদ্রোহীদের ধাওয়া দিলেন ঘোষিত কমিটির লোকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও উপযুক্ত পদ না পাওয়া নেতারা গতকাল বুধবার তৃতীয় দিনের মতো নয়াপল্টন এলাকায় জড়ো হয়েছিলেন। তবে ঘোষিত কমিটির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় দুই পক্ষের ছোড়া পাল্টাপাল্টি ইটের আঘাতে গাড়ির দোকানের এক কর্মচারী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে ৩০ থেকে ৩৫ জন পদবঞ্চিত নেতা ও তাঁদের অনুসারী কিছু কর্মী বিজয়নগরে স্কাউট ভবনের পাশে জড়ো হন। অন্যদিকে আগে থেকেই বিএনপির কার্যালয়ে অবস্থান করছিলেন ঘোষিত কমিটির কয়েক শ নেতা-কর্মী। খবর পেয়ে তাঁরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিদ্রোহীদের ধাওয়া দেন। এ সময় ধাওয়াকারীদের ছোড়া ইটের আঘাতে স্থানীয় ‘কার ফেয়ার’ নামের একটি গাড়ির দোকানের কর্মচারী আবদুল রব আহত হন। আহত আবদুল রব গত রাতে প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ ধর ধর আওয়াজ শুনে আমি দোকানের সামনে থাকা মালিকের গাড়িটি দ্রুত সরানোর চেষ্টা করছিলাম। এ সময় একটি ইটের টুকরা কপালে এসে পড়ে। হাসপাতালে নেওয়ার পর কপালে ছয়টি সেলাই দিতে হয়েছে।’