বিধবাকে গাছে বেঁধে মারধর, ঘর ভেঙে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে এক বিধবার বাড়িতে হামলা চালিয়েছেন প্রতিপক্ষের লোকজন। এ সময় বিধবাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এরপর ঘরটি ভেঙে মালামাল লুট করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, কুতুবপুর গ্রামের মৃত আবদুর রব গাজীর স্ত্রী সালেহা বেগমের সঙ্গে একই গ্রামের ছিদ্দিক হাওলাদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সালেহার একমাত্র ছেলে ঢাকায় দিনমজুরি করেন। বাড়িতে সালেহা একা বসবাস করতেন। গত শুক্রবার রাতে সিদ্দিক হাওলাদারের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সালেহার বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তাঁকে পাশের বাগানে নিয়ে গাছে বেঁধে মারধর করা হয়।
সালেহা অভিযোগ করেন, ‘সিদ্দিক হাওলাদার তাঁর সন্ত্রাসী লোকজন নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালান। আমি বাধা দিলে আমাকে পাশের বাগানে নিয়ে পরনের কাপড় দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে আমার বসতঘরটি ভেঙে নিশ্চিহ্ন করে চালা খুলে নিয়ে যান। ভিটার গাছপালা কেটে ফেলা হয়।’
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, সালেহা বেগম নিজ ভিটায় বসে আছেন। ঘরের জায়গায় মাটি ছাড়া আর কিছুই নেই। ঘরের চালা, খুঁটি, মালামাল ও তৈজসপত্র—সবকিছুই লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। প্রতিবেশী রাবেয়া বেগম ও আরিফ হোসেন বলেন, তাঁরা শনিবার খুব সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, সালেহার বসতঘরটি নেই। সেখানে সালেহাও নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বাগানে প্রচণ্ড শীতের মধ্যে সালেহাকে হাত-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় গতকাল সালেহা বেগম বাদী হয়ে ছিদ্দিক হাওলাদার ও তাঁর ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
অভিযোগের ব্যাপারে জানতে সিদ্দিক হাওলাদারের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। স্থানীয় কয়েকজন বলেন, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তাঁর স্ত্রী রিজিয়া বেগম ওই জমি নিজের দাবি করে বলেন, ‘হামলার ব্যাপারে আমি কিছুই জানি না।’
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।