বিধবাকে ধর্ষণের ঘটনায় পল্লিচিকিৎসক গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাট উপজেলায় এক বিধবাকে (৫১) ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বুধবার ওই বিধবা ওই চিকিৎসকের দোকানে ওষুধ নিতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই নারী ওই দিন রাতেই থানায় মামলা করেন।
মামলার এজাহার ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত বুধবার সকাল নয়টার দিকে পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের ওই বিধবা তাঁর মায়ের জন্য ওষুধ নিতে ওই পল্লিচিকিৎসকের ওষুধের দোকানে যান। এ সময় জরুরি কথা বলার জন্য ওই চিকিৎসক দোকানের পাশেই তাঁর রোগী দেখার চেম্বারে ওই বিধবাকে ডেকে নেন। তাঁর কথামতো ওই বিধবা সেখানে গেলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ওই দিন রাতে ওই বিধবা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ওই পল্লিচিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে ওই বিধবাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।