বিধবাকে মারধর বসতঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামে সালমা বেগম (৪০) নামের এক বিধবাকে মারধরের পর প্রতিপক্ষের লোকজন তাঁর নির্মাণাধীন বসতঘরের দেয়াল ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সালমা বেগম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার সকালে প্রতিপক্ষ নুরুল ইসলাম খান ও তাঁর ছেলে মো. বাবুল খানের নেতৃত্বে লোকজন তাঁকে মারধর করে। এরপর তাঁর নির্মাণাধীন আধা পাকা ঘরের সাড়ে ছয় ফুট উঁচু দেয়াল ভেঙে ফেলে। গতকাল রোববার ভাঙা দেয়ালের ইটগুলোও তারা নিয়ে যায়।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালের ৫ মে সালমার স্বামী মো. মজিবুর রহমান খান মারা যান। এরপর বসতঘরের জমি নিয়ে মজিবুর রহমান খানের অন্য দুই ভাইয়ের মধ্যে তাঁর বিরোধ দেখা দেয়।
সালমা বেগমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী উম্মে কুলসুম বলে, ‘আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই বাবুল খানের নেতৃত্বে ৬০-৭০ জনের একটি দল আমার মাকে মারধর করে শাবল, কুড়াল ও হাতুড়ি দিয়ে আমাদের নির্মাণাধীন বসতঘরটি গুঁড়িয়ে দেয়।’