বিধবার জমি দখলের অভিযোগ
নাটোর শহরের লালবাজার এলাকায় আওয়ামী লীগের নেতার নেতৃত্বে দুই বিধবা নারীর জমি দখল ও তাঁদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী এক নারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মৃত বলাই চন্দ্র সাহার পুত্রবধূ বিধবা সান্ত্বনা সাহা। এ সময় পাশে ছিলেন আরেক পুত্রবধূ বিধবা লক্ষ্মীরাণী সাহা। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় দেড় শ বছর আগে মৃত বলাই চন্দ্র সাহার পূর্বপুরুষ নাটোরের মহারাজা যোগেন্দ্রনাথ রায় বাহাদুরের কাছ থেকে শিবেশ্বরী দাস্য সাহার নামে ২৪ শতাংশ জমি বন্দোবস্ত নেন। এরপর থেকে বংশপরম্পরায় তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। স্বাধীনতাযুদ্ধের কিছু আগে ওই জমির কিছু অংশে জনৈক হারান চন্দ্র দাস বাদ্যযন্ত্রের দোকান করতে ভাড়া নেন। এরপর থেকে তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলেন। হারান চন্দ্রের কোনো ছেলে না থাকায় তাঁর মৃত্যুর পর জামাতা পরেশ চন্দ্র দাস ও গণেশ চন্দ্র দাস ওই ব্যবসা চালাচ্ছিলেন। তাঁরাও নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি পৌর আওয়ামী লীগের সভাপতি অপূর্ব চক্রবর্তী ও পৌর ওয়ার্ড (২ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবোল রায়ের নেতৃত্বে হারান চন্দ্রের ওই দুই জামাতা দোকানঘরসহ ৪ শতাংশ জমি নিজেদের বলে দাবি করে বসেন। এর প্রতিবাদ করলে সুবোল রায়ের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনী ওই দুই বিধবা লক্ষ্মীরাণী সাহা ও সান্ত্বনা সাহা এবং তাঁদের ছেলে-মেয়েদের মারপিট করে। এ সময় আওয়ামী লীগের ওই নেতা পরিবারটিকে একঘরে করাসহ প্রাণনাশের হুমকিও দেন।
স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এরপর তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের হস্তক্ষেপে বিধবা লক্ষ্মীরাণী ও সান্ত্বনা পরিবার নিয়ে নিরাপদেই ওই জমিতে বসবাস করে আসছিলেন। কিন্তু গত পৌর নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা অপূর্ব ও সুবোল রায় নতুন করে তৎপর হয়ে ওঠেন। তাঁরা ১০ জুন পরেশ ও গণেশের পক্ষ হয়ে টিন দিয়ে জায়গাটি ঘিরে দখলে নেন। বাধা দিতে গেলে নেতাদের সশস্ত্র সন্ত্রাসীরা তাঁদের ধাওয়া করে। এ অবস্থায় তাঁরা পালিয়ে প্রাণে রক্ষা পান। বর্তমানে তাঁরা সন্তান-সন্ততি নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই দুই বিধবা নারী এই অবৈধ দখল উচ্ছেদ ও তাঁদের জীবনের নিরাপত্তায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতা অপূর্ব চক্রবর্তী ও সুবোল রায়। তাঁরা বলেন, ওই ঘটনায় তাঁরা জড়িত নন। তাঁরা কাউকে ভয়ভীতিও দেখাননি। তাঁদের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।