ঝালকাঠির রাজাপুর উপজেলায় আলহাজ লালমোন হামিদ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অগ্রাহ্য করে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। কলেজটির পরিচালনা কমিটির সভাপতি আবদুল হকের ভাইকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী, ওই পদে নিয়োগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। কিন্তু নিয়োগ পাওয়া ছগির মাহমুদের স্নাতক ডিগ্রি তৃতীয় শ্রেণির। এ নিয়ে কলেজটির শিক্ষক এবং ওই পদের প্রার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ হেমায়েত উদ্দিন বলেন, ছগির মাহমুদের নিয়োগের ক্ষেত্রে ২০১৩ সালের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত প্রবিধান অনুসরণ করা হয়েছে। সেখানে স্নাতকে তৃতীয় শ্রেণি অগ্রহণযোগ্য নয়। শিক্ষক নিয়োগের অধিকাংশ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালা সাংঘর্ষিক।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমালা-২০১৫-এর শর্তাবলি অনুসরণের কথা উল্লেখ থাকলেও তা কেন মানা হয়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়, তাই তাদের প্রবিধান অনুসরণ করা হয়েছে।
কয়েকজন নিয়োগপ্রার্থী ও কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সাংসদ শাহজাহান ওমরের ভাই আবদুল আউয়াল কলেজটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে কলেজটি তাঁদের পরিবারের বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। বর্তমানে শাহজাহান ওমরের ভাই আবদুল হক কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি। কলেজটির উপাধ্যক্ষ পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ পদে সভাপতির ভাইকে নিয়োগের জন্য পাঁয়তারা শুরু হয়। এ জন্য আবদুল হক নিজে নিয়োগ ও বাছাই কমিটির চেয়ারম্যান হন। পরিচালনা পর্ষদের সদস্য হওয়া সত্ত্বেও তাঁর অপর ভাই শাহাদাৎ হোসেনকেও নিয়োগ ও বাছাই কমিটির সদস্য করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষ গত ৪ মে একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে নিয়োগ-প্রক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমালা-২০১৫-এর শর্তাবলি অনুসরণের কথা উল্লেখ করা হয়।
বাছাই পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী বলেন, গত ২৭ অক্টোবর নয়জন প্রার্থীর মধ্যে একই কলেজের প্রভাষক ছগির মাহমুদকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজশিক্ষকদের চাকরির শর্তাবলির বিধিমালা (সংশোধিত)-২০১৫ অনুযায়ী তাঁর নিয়োগ অবৈধ। বিধিমালার (৪)-এর (ক) ধারায় উল্লেখ আছে, উপাধ্যক্ষ পদে দ্বিতীয় শ্রেণির¯স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল হক বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য ১২ বছরের অভিজ্ঞতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে তৃতীয় শ্রেণি মুখ্য নয়। তা ছাড়া, নিয়োগ কমিটিতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন। তাঁরা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমালা পরীক্ষা করেই ছগির মাহমুদকে নিয়োগ দিয়েছেন।