বিধি না মেনে কমিটির সভাপতি নির্বাচিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে এক শিক্ষককে বিধিবহির্ভূতভাবে মনোনয়ন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এক শিক্ষার্থীর অভিভাবক এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে ই-মেইলে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।

এলাকাবাসী, সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকরাম হোসেন মারা যান। ফলে সভাপতির পদটি শূন্য হয়। ৫ জানুয়ারি ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই পদের জন্য অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না এমন পরিস্থিতি দেখিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সব সদস্যের সম্মতিক্রমে সনজিদা আক্তার নামের এক শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। বেশ কয়েক বছর আগে তিনি ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বিধিবহির্ভূতভাবে সনজিদা আক্তারকে মনোনীত করে এ-সংক্রান্ত কাগজপত্র সিলেট শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। তিনি সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচিত করার ক্ষেত্রে প্রবিধানমালা, ২০০৯-এর প্রবিধান ৭ (২) এ উল্লেখ করা হয়েছে, কোনো পূর্ণকালীন শিক্ষক কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। প্রবিধান ৮ (৩)-এ উল্লেখ রয়েছে, স্থানীয় শিক্ষানুরাগী, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার মধ্য থেকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি।

অভিযোগকারী চঞ্চল সরকার বলেন, ‘সনজিদা আক্তার বিধিবহির্ভূতভাবে বংশীকুন্ডা মমিন উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর পক্ষে জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে এই প্রত্যন্ত এলাকায় এসে বিদ্যালয় পরিচালনা করাও সম্ভব নয়। তাই অবিলম্বে তা বাতিল করে বিধি অনুযায়ী সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।’

প্রধান শিক্ষক মাহবুবুল আলম বলেন, ‘বিধিমালা অনুযায়ীই ওই শিক্ষক সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আমি গত সপ্তাহে এ-সংক্রান্ত কাগজপত্র অনুমোদনের জন্য সিলেট শিক্ষা বোর্ডে পাঠিয়েছি।’

এ বিষয়ে কথা বলার জন্য সনজিদা আক্তারের মুঠোফোনে কল করলে তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গত সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি মিটিংয়ে ব্যস্ত থাকায় এই অভিযোগটি এখনো দেখা হয়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’