বিধি ভেঙে বসানো হচ্ছে গ্যাসের পাইপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধি অনুযায়ী গ্যাসের পাইপ বসানোর সময় পাইপের নিচে ও ওপরে বালু দেওয়ার কথা। কিন্তু তা না দিয়ে ইট, সুরকি ও খুঁড়ে তোলা মাটি দিয়ে পাইপলাইন ভরাট করা হচ্ছে। এতে টেপ নষ্ট হয়ে পাইপ ফুটো হওয়ার আশঙ্কা রয়েছে l ছবি: প্রথম আলো
বিধি অনুযায়ী গ্যাসের পাইপ বসানোর সময় পাইপের নিচে ও ওপরে বালু দেওয়ার কথা। কিন্তু তা না দিয়ে ইট, সুরকি ও খুঁড়ে তোলা মাটি দিয়ে পাইপলাইন ভরাট করা হচ্ছে। এতে টেপ নষ্ট হয়ে পাইপ ফুটো হওয়ার আশঙ্কা রয়েছে l ছবি: প্রথম আলো

রাজশাহীতে বিধি লঙ্ঘন করে গ্যাসের পাইপ বসানোর অভিযোগ পাওয়া গেছে। দরপত্রের শর্ত অনুযায়ী, পাইপ বসানোর সময় প্রথমে বালু দেওয়ার কথা। ঠিকাদার তা করছেন না। গর্ত খোঁড়ার সময় ইট-পাথরের যে খোয়া উঠছে, তা দিয়েই ভরাট করা হচ্ছে। ফলে খোয়ার আঘাতে দ্রুত পাইপের গায়ে জড়ানো টেপ নষ্ট হয়ে ফুটো হওয়ার আশঙ্কা থাকছে। এভাবে কাজ হলে চলতি অর্থবছরে বসানো ৫০ কিলোমিটারেরও বেশি পাইপ ঝঁুকিতে থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ছয়টি গ্রুপে কোম্পানির ১০ হাজার ৮০০ রাইজার উত্তোলনের কাজ চলছে। এর মধ্যে শুধু রাজশাহীতে সাড়ে তিন হাজার রাইজারের বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহীতে কাজটি করছে সিগমা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। গত জুনে এ কাজের দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ দেওয়া হয় গত মাসের দ্বিতীয় সপ্তাহে। ঠিকাদার কাজ শুরু করেন গত মাসের শেষ সপ্তাহে। প্রতিদিন গড়ে ৩০টি রাইজার উত্তোলনের কাজ চলছে। গত শুক্রবার পর্যন্ত ৫১৭টি রাইজার উত্তোলন করা হয়েছে।
দরপত্রের শর্ত অনুযায়ী, বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দিতে প্রতিটি রাইজারের পাইপ বসানোর জন্য গড়ে ১৫ মিটার করে গর্ত খোঁড়ার কথা রয়েছে। হিসাব অনুযায়ী, সাড়ে তিন হাজার বাড়িতে সংযোগ দেওয়ার জন্য প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি পাইপ বসাতে হবে। পাইপের গর্তগুলো ৩০ ইঞ্চি গভীর ও প্রয়োজনমতো চওড়া করে খঁুড়তে হবে। গর্তের ভেতরে পাইপ বসানোর সময় পাইপের গায়ে প্রাইমার (একধরনের তেল) লাগিয়ে টেপ দিয়ে জুড়ে দেওয়া হয়। এরপর পাইপের নিচে দুই ইঞ্চি ও ওপরে দুই ইঞ্চি পুরো করে বালু দিতে হবে। তারপর খোয়া ও অন্যান্য উপকরণ দিয়ে ভরাট করতে হবে। কারণ, সরাসরি খোয়া দিয়ে ভরাট করলে খোয়ার আঘাতে টেপ নষ্ট হয়ে পাইপে সহজেই মরিচা ধরবে। দ্রুত ফুটো হয়ে যাবে। অভিযোগ পাওয়া গেছে, রাজশাহীতে এই পাইপ বসানোর পরে গর্ত ভরাটের সময় বালু দেওয়া হচ্ছে না। গর্ত খোঁড়ার পরে যে উপকরণ পাওয়া যাচ্ছে, তা দিয়েই আবার ভরাট করে ফেলা হচ্ছে।
গত শুক্রবার বিকেলে নগরের সাগরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, রাইজার উত্তোলনের জন্য পাইপ বসানো হচ্ছে। সেখানে কোনো বালুর ব্যবস্থা নেই। অল্প একটু মাটি বস্তায় করে এনে গর্তের পাশে রাখা হয়েছে। শুধু মূল পাইপের সঙ্গে যেখানে সংযোগ রয়েছে, সেখানেই একটু করে মাটি ঢেলে দেওয়া হচ্ছে। অন্য জায়গাগুলোতে গর্ত খঁুড়ে যা পাওয়া গেছে, তা দিয়েই ভরাট করা হচ্ছে। এর মধ্যে ইট-পাথরের টুকরোসহ সবকিছুই রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা কনস্ট্রাকশনের পক্ষে জুলফিকার হায়দার বলেন, বালু দেওয়ার দায়িত্ব তাঁদের নয়। দরপত্রের নকশায় বালুর পরিমাণ দেওয়া রয়েছে—বিষয়টি তাঁর নজরে আনলে তিনি বলেন, এটা বাড়িওয়ালার সরবরাহ করার কথা।
এই কাজের দেখাশোনা করছেন পিজিসিএলের উপসহকারী প্রকৌশলী গোলাম সারওয়ার। তিনি বলেন, গর্ত ভরাটের সময় মাটি বা বালু দিলেই হবে। তাও সেটা বাড়িওয়ালার সরবরাহ করার কথা। তাঁরা বালু সরবরাহ করতে পারছেন না। সে ক্ষেত্রে মাটি পেলে মাটি আর না পেলে গর্ত থেকে যা উঠছে তা দিয়েই ভরাট করে দেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গর্তে বালু ভরাট করার ব্যয়ও দরপত্রের তফসিলে ধরা রয়েছে। নির্ধারিত ফি ছাড়া কোনো উপকরণ বাড়িওয়ালার সরবরাহ করার কথা নয়।
নগরের কালুমিস্ত্রির মোড় এলাকার একটি বাসার মালিক আরাফাত রুবেল জানান, তাঁর বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। কী দিয়ে গর্ত ভরাট করা হবে এ ব্যাপারে তাঁকে কিছুই বলা হয়নি। দরপত্রে কী রয়েছে তাও তাঁরা জানেন না। তিনি বলেন, বালু দেওয়ার কথা রয়েছে জানলে তিনি নিজেই তাঁর নিরাপত্তার জন্য বালু এনে দিতেন।
এ ব্যাপারে পিজিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ও এই প্রকল্পের পরিচালক আনিসুল হক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বালু দেওয়ার বিষয়টি সিডিউলে আছে। তা ঠিকাদারেরই দেওয়ার কথা। তবে সব জায়গায় দেওয়ার প্রয়োজন পড়ে না। যেসব রাস্তা দিয়ে গাড়ি পারাপার হয়, সেখানে দেওয়া দরকার।