বিধি লঙ্ঘন করে জমি বিক্রির অভিযোগ
খ্রিষ্টান সম্প্রদায়ের আন্তর্জাতিক সেবাপ্রতিষ্ঠান ওয়াইএমসিএর দিনাজপুর শহর কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংগঠনটির ১৫ শতক জমি বিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ৬০ লাখ টাকায় ওই জমি বিক্রি করেন তাঁরা।
গতকাল সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এ অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এন্টনি এন এন দাশ।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭২ সালে দিনাজপুর শহরে খ্রিষ্টীয় আদর্শে পরিচালিত আন্তর্জাতিক সেবা সংগঠন ওয়াইএমসিএর (ইয়াং ম্যান খ্রিষ্টান অ্যাসোসিয়েশন) দিনাজপুর শাখা প্রতিষ্ঠা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নয় সদস্যের একটি কার্যকরী কমিটি দুই বছর মেয়াদে সংগঠনের দায়িত্ব পালন করে আসছে। ২০০৪-০৫ সালে সংগঠনটির বর্তমান সভাপতি ফাবিয়ান মণ্ডল ও সাধারণ সম্পাদক হাবিল লাকড়া দায়িত্ব পান। তাঁরা ২০১৪ সালের ৩ নভেম্বর সংগঠনের নামে কেনা শহরের স্টেশন রোডে জেলা কার্যালয়ের ৪৪ শতক জমির মধ্য ১৫ শতক দিনাজপুর প্রপার্টিজ লিমিটেডের মালিক দিনাজপুর শহর জামায়াতের আমির তমিজ উদ্দিন আহমেদের নামে নিবন্ধন করে দেন।
এ ব্যাপারে দিনাজপুর শহর জামায়াতের আমির তমিজ উদ্দিন বলেন, তিনি নিজে ওই চুক্তিতে সই করলেও তাঁর লাইসেন্স ব্যবহার করে ওই জমিতে ভবন নির্মাণের কাজ করছেন তাঁদের সংগঠনের কয়েকজন যুবক। ‘স্টেশন টাওয়ার’ নাম দিয়ে সেখানে নয়তলা আবাসিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে প্রথম পক্ষ হিসেবে ৩০ শতাংশ ফ্ল্যাটের মালিক হবেন চুক্তি স্বাক্ষরকারী এবং ৭০ শতাংশ ফ্ল্যাটের মালিক হবে নির্মাণকারী প্রতিষ্ঠান।
ওয়াইডব্লিওসিএর দিনাজপুর শহর কমিটির সাধারণ সম্পাদক হাবিল লাকড়া বলেন, ২০১৪ সালের ২৪ অক্টোবর অনুষ্ঠিত সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদকসহ তিনি ওই জমি হস্তান্তরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। সংবাদ সম্মেলনকারীরা কেউ তাঁদের সংগঠনের সদস্য নন। আইন মেনেই চুক্তি করা হয়েছে বলে তিনি দাবি করেন।