রাজবাড়ীর গোয়ালন্দে বিধি লঙ্ঘন করে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৭টি গুচ্ছের কাজে বিধি লঙ্ঘন করে ঠিকাদার নিয়োগ এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং জেলা প্রশাসকের কাছে এ লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদে এডিবির অর্থায়নে সম্প্রতি ১৭টি গুচ্ছের কাজের দরপত্র আহ্বান করা হয়। ২৪ মার্চ খোলা ওই দরপত্রে লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান চূড়ান্ত করার বিধি থাকলেও তা লঙ্ঘন করা হয়। ফরিদপুরের মেসার্স রফিকুল ইসলাম নামের প্রতিষ্ঠানকে উপজেলা পরিষদের গেজেটেড কোয়ার্টার মেরামতের জন্য ৬ লাখ ৬৯ হাজার ২৯০ টাকা এবং নন-গেজেটেড কোয়ার্টার মেরামতের জন্য ৮ লাখ ৩০ হাজার ৭১০ টাকার দুটি কাজ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী কমিটির সদস্যের কোনো কাছের স্বজন ঠিকাদার হিসেবে কাজ করতে পারবেন না। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম কমিটির একজন সদস্য এবং ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক রফিকুল তাঁর নিকটাত্মীয়। লটারিতেও অনিয়ম করা হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী প্রথম আলোকে বলেন, ‘লটারিতে অনিয়ম ও নিয়ম ভেঙে কাজ দেওয়ার এ ঘটনায় আমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি।’
দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রকৌশলী মো. সহিদুল ইসলাম নিম্নমানের কাজ হচ্ছে না দাবি করে বলেন, দুটি কাজের ঠিকাদার রফিকুল ইসলাম উপজেলা চেয়ারম্যানের কাছের আত্মীয় কি না জানা নেই। তবে দরপত্র কমিটির প্রত্যেক সদস্য এই মর্মে হলফনামা দিয়েছেন, কাজ পাওয়া কোনো ঠিকাদারই তাঁদের আত্মীয়স্বজন নন।
রফিকুল ইসলাম নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরও বলেন, ‘কমিটির সদস্যের আত্মীয় বলে কাজ করা যাবে না—আমার জানামতে এ ধরনের কোনো নিয়ম নেই।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল বলেন, ‘রফিকুল আমার আত্মীয়। কিন্তু কোনো আত্মীয়স্বজন ঠিকাদারি কাজ করতে পারবে না, এ রকম বিধি আমার জানা নেই।’
দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘দরপত্র কমিটির কোনো সদস্যের আত্মীয়স্বজন ঠিকাদার হিসেবে কাজ করার বিধান নেই। এ ক্ষেত্রে এই কাজে আমার কোনো আত্মীয় নেই। অন্য কোনো সদস্যের আছে কি না জানা নেই।’