চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে সাংসদ দীপু মনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি নিজ বাসায় চেয়ারম্যান পদে প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ভোটারদের প্রভাবিত করেছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আরেক চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওচমান গনি পাটওয়ারী।
এ জেলায় চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ইউসুফ গাজী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অবশ্য নাজিম দেওয়ান নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন এক সংবাদ সম্মেলনে। এখানে কেন্দ্রীয় আওয়ামী লীগ কোনো প্রার্থীকে সরাসরি সমর্থন না দিলেও জেলার চারজন দলীয় সাংসদ মো. নুরুল আমিনকে সমর্থন জানিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.আবদুস সবুর মণ্ডলের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওচমান গনি বলেন, গত বুধবার সাংসদ দীপু মনি চাঁদপুরের বাসায় তাঁর ভাই জে আর ওয়াদুদ ও চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিনের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নতুন বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো ও সংরক্ষণ কর্মসূচির আওতায় ১ কোটি ১১ লাখ টাকার প্রকল্প দেওয়ার প্রলোভন দেখান। ওই বৈঠকে সদর ও হাইমচর উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি (দীপু মনি) নুরুল আমিনকে ভোট দিতে তাঁদের বিভিন্নভাবে প্রভাবিত করেছেন।
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল বলেন, বিষয়টি নিয়ে সাংসদ দীপু মনির সঙ্গে তিনি কথা বলেছেন। সাংসদ বলেছেন, তিনি তাঁর বাসায় এ ধরনের সভায় উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে জানতে, গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দীপু মনির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন বলেন, দীপু মনির বাসায় তাঁর ভাই জে আর ওয়াদুদ কিছু লোকজন নিয়ে বৈঠক করেন। সেখানে তিনিও উপস্থিত ছিলেন। তবে দীপু মনি এ সময় বাসায় ছিলেন না।