বিনা টিকিটে ভ্রমণ, ৪৩ জনের জরিমানা
বিনা টিকিটে লোকাল ট্রেনে ভ্রমণের দায়ে নেত্রকোনায় ৪৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আজিজ হায়দার ভূঁইয়া তাঁদের এই জরিমানা করেন।
স্টেশন সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কোর্ট স্টেশনে পৌঁছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ৪৩ জনকে আটক করা হয়। পরে রেলওয়ে স্টেশনে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আজিজ হায়দার ভুইয়া তাঁদের প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানা করেন। এ সময় দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে নগদ ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ আলম মুকুল বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জনসচেতনতায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।