বিনা টিকিটে ভ্রমণে জরিমানা গুনলেন শতাধিক যাত্রী
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে নাটোর রেলওয়ে স্টেশনে শতাধিক যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রেলওয়ের জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার এসব অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টিকিট নিয়ে বাগবিতণ্ডার জের ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্যকে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারধর করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
নাটোর রেলওয়ে স্টেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করে পাকশি রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় দ্রুতযান, তিতুমীর, রূপসা, বরেন্দ্র এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালানো হয়। বিনা টিকিটে রেলে ভ্রমণ করার অপরাধে এসব ট্রেনের শতাধিক যাত্রীকে জরিমানা করেন পাকশি রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। এ সময় বিনা টিকিটে রেল ভ্রমণ এবং টিকিট দেখতে চাওয়া নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য আবদুল মান্নানের সঙ্গে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই পুলিশ সদস্যকে মারধর করেন। পরে জরিমানার টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আবদুল মান্নান বলেন, স্টেশনের টিকিট বিক্রির কম্পিউটার নষ্ট থাকায় তিনি টিকিট সংগ্রহ করতে পারেননি। এ কথাটি কর্তৃপক্ষকে জানানোর পরও তারা তাঁকে মারধর করেছে। তাঁর কাছ থেকে ৪৩০ টাকা জরিমানা আদায় করে পরে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে পাকশি রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ বলেন, বিনা টিকিটে রেল ভ্রমণ করা নিয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ সদস্যের বাগবিতণ্ডা হয়। তবে টিকিটের টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে রেলওয়ের জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় নাটোর রেলওয়ে স্টেশনের আশপাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি এ সময় পাকশি বিভাগীয় রেল ব্যবস্থাপক আফজাল হোসেন ও রেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সৈকত জামিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।