বিনা দোষে পুড়ল ফজিলার ঘরটুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী সহিংসতায় পুড়ে গেছে ভিক্ষুক ফজিলা বেগমের মাথা গোঁজার ঠাঁইটুকু। গতকাল নাটোরের লালপুরের বাকনাই গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
নির্বাচনী সহিংসতায় পুড়ে গেছে ভিক্ষুক ফজিলা বেগমের মাথা গোঁজার ঠাঁইটুকু। গতকাল নাটোরের লালপুরের বাকনাই গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

নাটোরের লালপুর-বিলমাড়িয়া সড়কের পশ্চিমে বাকনাই গ্রাম। এ গ্রামের বাসিন্দা ফজিলা বেগম। তাঁর বাড়ি বলতে বাঁশের কঞ্চি দিয়ে ঘেরা দেয়াল আর টিনের ছাউনির একটা ঘর। এটিই মাথা গোঁজার একমাত্র ঠাঁই। রাজনীতির আগুনে পুড়ে ভস্ম সেটুকু।
প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে ভিক্ষার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ফজিলা। হঠাৎ নয়টার দিকে শতাধিক লোক হাতে লাঠি, ফালা নিয়ে পেছনের মাঠ দিয়ে তাঁদের গ্রামে ঢোকে। তারা আগুন ধরিয়ে দেয় ফজিলার ঘরসহ দুটি বাড়িতে। ভাঙচুর ও লুটপাট চালায় আরও কিছু বাড়িতে। আতঙ্কে সব বাড়ির লোকেরা পালিয়ে যান। যাননি কেবল ফজিলা। হামলাকারীদের বারবার অনুরোধ করেন আগুন না লাগানোর জন্য। কিন্তু কেউ কথা শোনেনি।
মুহূর্তেই চোখের সামনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায় ফজিলার। ঘরে থাকা হাঁড়ি-পাতিল, জামাকাপড়সহ টুকিটাকি যা ছিল সব পুড়ে যায়। পুড়ে যায় গোটা সংসার, যেটার একমাত্র সদস্যও তিনি। পরে পথচারীদের দেওয়া খবরে লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা সেখানে এলেও ততক্ষণে কিছুই পুড়তে বাকি ছিল না।
গতকাল বেলা ১১টার দিকে গ্রামে ঢুকে দেখা গেল, বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে গড়াগড়ি করে প্রলাপ করছেন ফজিলা। ধ্বংসস্তূপ থেকে কয়েকটি পোড়া ৫০০ টাকার নোট কুড়িয়ে এনে বলেন, ‘ভিক্ষা করে ২০ হাজার টাকা জমিয়েছিলাম ধার শোধ করতে। সব শেষ।’
ফজিলা আরও বলেন, তিনি কোনো রাজনীতি বোঝেন না। নেতা বোঝেন না। তাঁর বাড়ির পাশের আবদুল হান্নান ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিপক্ষ ইউসুফ আলী বিজয়ী হয়েছেন। এরপর আবদুল হান্নানকে শায়েস্তা করতে এসে তাঁর প্রতিপক্ষের হামলার শিকার হলো তাঁর ঘরটি।
এ ব্যাপারে ওই দুই রাজনীতিকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এ হামলার সঙ্গে নিজেদের সমর্থকদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।